ঈদের সকালে বিদেশের পথে দুই ফুটবল দল, ভিয়েতনামে পৌঁছেছেন জামালরা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ২১ মার্চ ২০২৬

সারা দেশ যখন ঈদুল ফিতরের নামাজ ও উৎসবে ব্যস্ত, তখন দেশ ছাড়ছেন ফুটবলাররা। আজ শনিবার সকালেই ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ ও থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী দল।

সকালে যখন রাজধানীর ঈদগাহগুলো মুসল্লিতে পূর্ণ, ঠিক তখনই সাফ টুর্নামেন্ট খেলতে মালদ্বীপের পথে উড়াল দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবল দল। একই সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংকক রওনা হয়েছে অ-২০ নারী ফুটবলাররা। আফিদা-মোর্শেদদের এবারের ঈদ কাটছে মাঝ আকাশেই।

অন্যদিকে, জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ারা ইতোমধ্যেই পৌঁছে গেছেন ভিয়েতনামে। গতকাল শুক্রবার রাতে রওনা হয়ে চীনের গুয়াংজুতে যাত্রাবিরতি দিয়ে আজ সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছায় জাতীয় দল। আগামীকাল রোববার ইংল্যান্ড থেকে সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীর।

সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ শেষ করে পরদিন সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে দল। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামালরা। যদিও সিঙ্গাপুর ইতোমধ্যেই এশিয়ান কাপে উত্তীর্ণ হয়েছে, তবে বাংলাদেশের জন্য এই ম্যাচটি মান রক্ষার লড়াই।

এসকেডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।