তাপিয়া ও এএফএ’র বিরুদ্ধে কর জালিয়াতির মামলা, তদন্তে আর্জেন্টিনার আদালত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩১ মার্চ ২০২৬

মাঠে দারুণ পারফরম্যান্স করছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে মাঠের বাইরে ঘটনায় হতে হচ্ছে বিব্রত। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আর্থিক জালিয়াতির অভিযোগ এনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কর জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে সংস্থাটির সভাপতি ক্লাদিও তাপিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপের কয়েকমাস আগে এমন ঘটনায় বিব্রত দেশটির ফুটবলপ্রেমীরা।

বিচারক ডিয়েগো আমারান্তে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি অভিযোগ তদন্ত করছেন, যেখানে কর ও সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের বিষয়টি উঠে এসেছে।

আদালতের নথি অনুযায়ী, গত দুই বছরে পরিশোধ না করা কর ও অবদানের জন্য সংস্থার বিরুদ্ধে প্রায় ১৯ বিলিয়ন আর্জেন্টাইন পেসো (প্রায় ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) দাবির মুখে পড়েছে। পাশাপাশি সংস্থা ও এর শীর্ষ কর্মকর্তাদের ওপর ৩৫০ মিলিয়ন পেসোর সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের আগে আদালতে দেওয়া এক বিবৃতিতে ক্লদিও তাপিয়া সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। একইভাবে এএফএও তাদের অবস্থান তুলে ধরে এক বিবৃতিতে। তারা জানায়, প্রয়োজনীয় সব কর নথি জমা দেওয়া হয়েছে এবং অর্থ পরিশোধ করা হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে বিলম্ব হওয়ায় সুদ গুনতে হয়েছে, তবে অতিরিক্ত জরিমানা আরোপের কোনো ভিত্তি নেই।

আর্জেন্টিনার কর আদায় সংস্থার অধীনস্থ দপ্তরের এক অভিযোগের ভিত্তিতে এই মামলার সূত্রপাত হয়, যা পরে বড় প্রাতিষ্ঠানিক ইস্যুতে রূপ নেয়।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক মাস বাকি থাকতেই তদন্ত এগিয়ে চলছে। এরই মধ্যে তাপিয়া ও তভিগিনোর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা তাদের বিশ্বকাপে উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের ভাবমূর্তিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন অনেকে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।