১৫ বলে ফিফটি করে রাজস্থানকে জেতালেন সূর্যবংশি
চলমান আইপিএল রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই আলো ছড়ালেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশি। তার ঝোড়ো ব্যাটিংয়েই চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে রাজস্থান।
৪টি চার ও ৫টি ছক্কায় মাত্র ১৭ বলে ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সূর্যবংশি। গুয়াহাটিতে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান ম্যাচ শেষ করে ফেলে ৭.৫ ওভার হাতে রেখেই।
আইপিএলের গত আসরে মাত্র ১৪ বছর বয়সে অভিষেক হয় সৃর্যবংশির। ৩৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন সবাইকে। গত সপ্তাহে ১৫ বছরে পা রাখা এই বাঁহাতি ব্যাটার শুরুতেই জীবন পান। প্রথম বলেই মিস হয় ক্যাচ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
নিজের ইনিংস নিয়ে সূর্যবংশী বলেন, ‘ডিফেন্সের কথাও ভাবি, তবে আজ আমাদের পরিকল্পনা ছিল পাওয়ারপ্লেতেই ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়া, কারণ ছোট লক্ষ্য তাড়ায় এই সময়টা গুরুত্বপূর্ণ।’
মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, আফগান স্পিনার নুর আহমেদের টানা দুই ছক্কায়। শেষ পর্যন্ত আনশুল কাম্বোজের বলে সারফরাজ খানের দারুণ ক্যাচে আউট হন এই তরুণ।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন সূর্যবংশী। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে রেকর্ড ১৭৫ রান করেছিলেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল করেন অপরাজিত ৩৮ রান। অধিনায়ক রিয়ান পরাগের ব্যাটে আসে ১৪ রান।
এর আগে, টস জিতে ফিল্ডিং নেওয়া রাজস্থানের বোলাররাই ম্যাচের ভিত গড়ে দেন। জোফরা আর্চার, নান্দ্রে বার্গার এবং রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন। তাতে ১৯.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয় চেন্নাই। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন জেমি ওভারটন। অভিষেক ম্যাচে ৬ রান করে আউট হন সঞ্জু স্যামসন, আর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডও ফেরেন একই রানে।
চোটের কারণে এই ম্যাচ খেলেননি চেন্নাইয়ের অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি।
আইএন