কোচ ক্যাবরেরাকেই কী রেখে দেবে বাফুফে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে গত ৩১ মার্চ শেষ হয়েছে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন। আগেই বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশ শেষ দুই ম্যাচের একটিতে ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে।

২০২২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরার সাথে বাফুফে চুক্তি বাড়িয়েছে ৩ দফা। সর্বশেষ যে চুক্তি আছে ক্যাবরেরার সাথে তা শেষ হবে এ মাসেই।

এ বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। বিশ্বকাপের আগে জুনে ফিফা উউন্ডোও আছে। ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগ দেবে নাকি ক্যাবরেরার সাথেই চুক্তি বাড়াবে তা নিয়ে আছে ধোঁয়াশা।

জাতীয় দলের কোচ ও অন্যান্য বিষয়গুলো দেখভাল করে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। যে কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই। তবে কমিটির অন্যরা গুরুত্বপূর্ণ এসব বিষয়ে মুখ খুলতে চান না। সবাই সবকিছু জানেনও না। তাই প্রধান কোচের ইস্যুটা সবার কাছেই অস্পষ্ট।

শনিবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা আছে। সেখানে আলোচ্যসূচিতে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচ বিশ্লেষণের বিষয় রাখা হলেও কোচের বিষয়ে নির্দিষ্ট করে এজেন্ডায় নেই বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন কমিটির এক সদস্য। যার অর্থ হলো কোচ নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ নয়।

ক্যাবেরার অবশ্য এরই মধ্যে নিজের প্রশ্নপত্রে নিজেই নম্বর বসিয়ে দিয়েছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে এক অর্থে নিজের কাজের প্রশংসা নিজে করেছেন। তিনি এটাও বলেছেন, ফলটাই শুধু পাননি। মাঠে তারা ভালো খেলেছে। যে ম্যাচগুলো অল্পতে হেরে গেছে খুব তাড়াতাড়ি সেই ম্যাচগুলো জিততে শুরু করবে। যেভাবে চলছে জাতীয় দল সেভাবে চালিয়ে নেওয়ার জন্যই তিনি বাফুফেকে বোঝাতে চেয়েছেন। খেলোয়াড়দের ওপর বাফুফেকে আস্থা রাখতেও বলেছেন।

এই স্প্যানিশ কোচের অধীনে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ৩৯টি। জয় মাত্র ১০টি। ১০টি ড্র করে হেরেছে ১৯টিতে। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে লম্বা সময়ের কোচের রেকর্ড এরই মধ্যে করে ফেলেছেন ক্যাবরেরা।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের জেমি ডে’র রেকর্ড। সেটি ছিল ক্যাবরেরার ক্যারিয়ারে বাংলাদেশের ডাগআউটে ৩০তম ম্যাচ। তার আগে ক্যাবরেরার রেকর্ড ছিল ২৯ ম্যাচের। ভারতের ম্যাচের পর সেই সংখ্যাটা বাড়িয়ে এখন ৩৯-এ ক্যাবরেরা।

ক্যাবরেরার বিষয়ে কারো কোনো স্পষ্ট বক্তব্য না থাকলেও ভেতরের যে খবর তাতে সাফের আগে কোচ না বদলানোর সিদ্ধান্তই নিতে পারে বাফুফে। সে ক্ষেত্রে আরো ৮ মাস বা এক বছর চুক্তি বাড়তে পারে চার বছর ধরে লাল-সবুজের ডাগআউটে দাঁড়ানো এই কোচের।

তবে বাফুফে তার চুক্তি বাড়ালে ফুটবল সমর্থকদের মুখোমুখি দাঁড়াতে হতে পারে। কারণ, ক্যাবরেরার বিপক্ষে ফুটবল দর্শকদের আছে নেতিবাচক মনোভাব। এই কোচ অনেক মাঠেই দর্শক-সমর্থকদের দুয়োধ্বনি শুনেছেন। একদল সমর্থক প্রকাশ্যে তার বিরুদ্ধে সিন্ডিকেটের নেতৃত্ব দেওয়ারও অভিযোগ জানিয়ে আসছে। ইতালিয়ান প্রবাসি ফুটবলার ফাহামিদুল ইসলাম ইস্যুতে দর্শক-সমর্থকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পর্যন্ত করেছে। বিষয়টি ক্রীড়া প্রশাসনের শীর্ষ পর্যায় পর্যন্তও গড়িয়েছিল।

বাফুফে অবশ্য দর্শক-সমর্থকদের সেন্টিমেন্টের চেয়ে বাস্তবতাকেই বেশি গুরুত্ব দেবে। আরো গুরুত্ব মাঠে তার পারফরম্যান্সে। কারণ, হামজা-শামিতরা যোগ হওয়ার পর বাংলাদেশ দলের খেলায় অনেক পরিবর্তন এসেছে। এশিয়ান কাপ বাছাই পর্ব টপকাতে পারেনি বাংলাদেশ, তবে আগের আসরের চেয়ে ভালো করেছে। অনেক ম্যাচেই বাংলাদেশ সাধারণ ভুল আর গোল করতে না পারার ব্যর্থতায় হেরেছে।

দেশে ভালো কোনো স্ট্রাইকার নেই। ক্যাবরেরা চার বছরে কাউকে তৈরিও করতে পারেননি। দর্শক সমর্থকদের প্রত্যাশা ছিল হামজার মতো ফুটবলার দলে যোগ হওয়ার পর ৪৫ বছরের হতাশা কাটিয়ে আবার বাংলাদেশ এশিয়ার মঞ্চে পা রাখবে। এই প্রত্যাশা অবশ্য পূরণ হয়নি। সবকিছু যোগ-বিয়োগ আর বাস্তবতার মিল ঘটিয়েই হামজাদের কোচের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকে।

সবচেয়ে কঠিন যে মূল্যায়ন করতে হবে হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবল যে আলোচনায় এসেছে এবং অন্য দেশগুলোর সমীহ আদায় করছে সেই দলের ডাগ আউটে হ্যাভিয়ের ক্যাবরেরার মত কোচ যায় কিনা! দল গঠন, খেলোয়াড় পরিবর্তন ও পজিশন বদলে ক্যাবরেরা সব সময়ই আলোচনায় এসেছেন। শনিবারের সভায় কোচের বিষয় উঠলে কি আলোচনা হয় সেটা জানলেই বোঝা যাবে পানি কোন দিকে গড়াবে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।