চ্যাম্পিয়ন্স লিগ

কেইনের প্রত্যাবর্তনে রিয়ালকে হারিয়ে সেমির পথে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৮ এপ্রিল ২০২৬

চোটের কারণে ইংল্যান্ডের প্রীতি ম্যাচে মাঠে নামা হয়নি হ্যারি কেইনের। তবে চোট কাটিয়ে দারুণ এক প্রত্যাবর্তন করলেন বায়ার্ন মিউনিখের এই তারকা। গোল করে রাখলেন দলের জয়ে ভূমিকা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো জার্মান ক্লাবটি।

ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের উপস্থিতিতেই মাঠে নামেন কেইন। সামান্য চোটের কারণে তিনি জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ফ্রেইবুর্গের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচ মিস করেছিলেন।

প্রথমার্ধে তিনি কিছুটা নিষ্প্রভ থাকলেও গোলের সূচনায় রাখেন দারুণ ভূমিকা। প্রথমার্ধের বিরতির চার মিনিট আগে সাবেক লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ ঠান্ডা মাথায় গোল করে বায়ার্নকে এগিয়ে দেন ৪১ মিনিটে।

বিরতির পরই নিজের সেরা ছন্দে থাকলে যেভাবে গোল করেন, ঠিক সেভাবেই জাল খুঁজে নেন কেইন। ডান পায়ের নিখুঁত শটে ৪৬ মিনিটে গোল করেন তিনি। সেটি আটকানোর কোনো সুযোগই পাননি রিয়ালের গোলকিপার আন্দ্রিয় লুনিন।

অন্যদিকে বায়ার্নের অভিজ্ঞ গোলকিপার মানুয়েল নয়্যার চারটি দারুণ সেভ করেন। যার মধ্যে তিনটি ছিল কিলিয়ান এমবাপ্পের শট।

ম্যাচে আরও গোল করার সুযোগ ছিল বায়ার্নের। দুই গোলে পিছিয়ে পড়া রিয়ালও চেষ্টা চালাতে থাকে ম্যাচে ফেরার। এক ঘণ্টা পর মাঠে নামেন জুড বেলিংহ্যাম, যিনি দারুণ কিছু মুহূর্ত উপহার দেন।

রিয়ালের হয়ে আশা জাগান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। তার নিচু ক্রস থেকে ৭৪ মিনিটে গোল করেন এমবাপ্পে।

শেষদিকে চাপ বাড়ালেও সমতা ফেরাতে পারেনি রিয়াল। ফলে প্রথম লেগে জয় নিয়ে দ্বিতীয় লেগের জন্য মিউনিখে ফিরছে বায়ার্ন।

আগামী ১৫ এপ্রিল রাতে বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে রিয়াল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।