‘এটি চুরি হওয়া ম্যাচ’ মন্তব্যে নিষেধাজ্ঞার মুখে বার্সার ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর নতুন করে বিতর্কে জড়িয়েছেন দলের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তার ম্যাচ-পরবর্তী মন্তব্যের কারণে এখন শাস্তির মুখে পড়তে পারেন এই তারকা ফুটবলার।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ শেষে রাফিনহা রেফারিং নিয়ে তীব্র সমালোচনা করেন। যদিও ইনজুরির কারণে তিনি ম্যাচে খেলেননি, তবুও দলের সঙ্গে উপস্থিত ছিলেন এবং ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন।

রাফিনহা বলেন, ‘এটি চুরি হওয়া ম্যাচ। রেফারিং ছিল ভীষণ খারাপ। তাদের সিদ্ধান্তগুলো বিশ্বাসযোগ্য নয়। অ্যাটলেটিকো অনেক ফাউল করলেও একটি হলুদ কার্ডও পায়নি। বার্সেলোনাকে এগিয়ে যেতে না দেওয়ার ভয় কাজ করেছে।’

এই মন্তব্যের পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিষয়টি খতিয়ে দেখছে। সংস্থার শৃঙ্খলা বিধি অনুযায়ী, ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে ‘অপমানজনক’ বা ‘অশোভন’ মন্তব্য করলে শাস্তির মুখে পড়তে হয়।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, রাফিনহার বিরুদ্ধে সর্বোচ্চ তিন ম্যাচ নিষেধাজ্ঞা আসতে পারে। যদি এই শাস্তি কার্যকর হয়, তবে তা আগামী চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে প্রযোজ্য হবে, যা বার্সেলোনার জন্য বড় ধাক্কা হতে পারে।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।