জুনে হচ্ছে দু’টি জাতীয় দল! একটি যাবে সান মারিনো, আরেকটি মালদ্বীপে
চলতি বছরের জুনে বাংলাদেশ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সান মারিনোর বিপক্ষে। ম্যাচটি হবে ৫ জুন সান মারিনোতে। অন্যদিকে ১ থেকে ৯ জুন মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত চার জাতি টুর্নামেন্টেও অংশ নেবে বাংলাদেশ।
প্রথমে বাফুফের সিদ্ধান্ত ছিল মালদ্বীপে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর। তবে সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভায় মালদ্বীপেও জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। মালদ্বীপ ফুটবল ফেডারেশনের অনুরোধে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
তবে এক সাথে কোনো দেশের দুটি জাতীয় দল থাকার সুযোগ নেই। একটি জাতীয় দল হলে অন্যটি হবে ‘এ’ বা ‘বি’ দল। ২০০৭ সালে আগস্টে বাংলাদেশের দু’টি দল অংশ নিয়েছিল দু’টি টুর্নামেন্টে। একটি দল গিয়েছিল ভারতের দিল্লিতে নেহেরু কাপে অংশ নিতে, আরেকটি মালয়েশিয়ায় মারদেকা কাপে খেলতে। তখন দিল্লিতে যাওয়া দলটি ছিল জাতীয় দল এবং মারদেকা কাপের দলটি ছিল বাংলাদেশ ‘বি’।
মালদ্বীপের চার জাতি টুর্নামেন্টের জন্য কোচ নিয়োগ দেওয়া হয়েছে মারুফুল হককে। জাতীয় দলের নতুন কোচ নিয়োগ পাওয়ার পর দল নিয়ে যাবেন সান মারিনো। মালদ্বীপে বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও অংশ নেবে পাকিস্তান ও আফগানিস্তান।
সোমবারের সভায় গোলরক্ষক কোচ নিয়েও আলোচনা হয়েছে। ৯ জন কোচকে বাছাই করেও রাখা হয়েছে। তবে প্রধান কোচ নিয়োগের পর গোলরক্ষক কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে। প্রধান কোচের মতামত নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বাফুফের।
আরআই/এমএমআর