ক্ষমা চাইলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৬ মে ২০২৬

সতীর্থ রবিনহো জুনিয়রের সঙ্গে অনুশীলন মাঠে ঘটে যাওয়া বিতর্ক নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন নেইমার। মঙ্গলবার সান্তোসের হয়ে ডিপোর্টিভো রিকোলেটার বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে গোল করার পর নেইমার বেঞ্চে থাকা রবিনহো জুনিয়রকে জড়িয়ে ধরেন।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘যদি তারা (রবিনহো জুনিয়রের পরিবার বা এজেন্ট) মনে করে মিডিয়ার সামনে আমার ক্ষমা চাওয়া দরকার, তাহলে সেটাই করছি। আমি আগেই তার এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছিলাম, মাথা ঠান্ডা রাখতে পারিনি।’

ব্রাজিলিয়ান সুপারস্টার আরও বলেন, ‘সবাই ভুল করে। এটা আমারও ভুল, তারও ভুল—তবে আমারটা একটু বড় ছিল। সোমবার আমরা আবার কথা বলেছি, দলের সামনে আমি ক্ষমা চেয়েছি, সেও ক্ষমা চেয়েছে, আমাদের ধারণা বিষয়টা মিটে গেছে।’

রোববারের অনুশীলনে রবিনহো জুনিয়র তাকে ড্রিবল করে পাশ কাটানোর পর নেইমার রাগান্বিত হয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্লাব তদন্তও শুরু করে।

রবিনহো জুনিয়র ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে।

১৮ বছর বয়সী রবিনহো জুনিয়র জানান, তিনি রাগের মাথায় ঘটনাটি রিপোর্ট করেছিলেন। তার অভিযোগ ছিল, নেইমার তাকে অপমানজনক কথা বলেন, ফেলে দেন এবং মুখে চড় মারেন।

তবে পরে তিনি বলেন, ‘হ্যাঁ, একটা চড় ছিল। কিন্তু সে সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিল যে সে ভুল করেছে এবং কয়েকবার ক্ষমা চেয়েছে। আমি তার ক্ষমা গ্রহণ করেছি।’

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।