বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও পাকিস্তানের চোখ অন্য দিকে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামী শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশের কন্ডিশন নিয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিই তুলে ধরেন আফ্রিদি। তিনি বলেন, ‘আপনি যদি দেখেন, বাংলাদেশও যখন তাদের ঘরের মাঠে খেলে, তখন তারাও স্পিনবান্ধব উইকেট বানায়। যে দলই নিজেদের কন্ডিশনে খেলুক না কেন, তারা সেই কন্ডিশন ব্যবহার করার চেষ্টা করে।’
দলের দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও স্পষ্ট বার্তা দেন এই বাঁহাতি পেসার। আফ্রিদি বলেন, ‘আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। কীভাবে ফাইনালে কোয়ালিফাই করা যায় এবং ফাইনাল খেলা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। দল হিসেবে আমরা সবাই এটি বুঝি যে, টেস্ট ফরম্যাটে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
আসন্ন ব্যস্ত সূচিকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন তিনি। তার ভাষায়, ‘আমাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই প্রথমবার আমরা অনেক লম্বা একটা টেস্ট মৌসুম খেলতে যাচ্ছি। তাই প্রথম টেস্টের জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এখানকার কন্ডিশন আমাদের কতটা মানিয়ে নিতে সাহায্য করছে, সেটাই দেখার বিষয়। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব।’
বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেও স্বীকার করেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই সিরিজটিকে কীভাবে দেখছি। আমরা শুধু একটি (বাংলাদেশ) সিরিজের দিকে তাকাচ্ছি না, আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ।’
এসকেডি/এমএমআর