ভুল বোঝাবুঝির অবসান

রবিনহো জুনিয়র বললেন, ‘ছোটবেলা থেকে নেইমার আমার আইডল’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৬ মে ২০২৬

রাগের মাথায় নেইমারও প্রতিক্রিয়া দেখান, রবিনহো জুনিয়রও তার বিরুদ্ধে রিপোর্ট করে বসেন। ফলে ঘটনাটা গড়িয়ে যায় অনেকদূর। অবশেষে মিটমাট হয়ে গেছে নেইমার ও রবিনহো জুনিয়রের। ভুল বোঝাবুঝির অবসানের পর রবিনহো জুনিয়র বললেন, ‘ছোটবেলা থেকে নেইমার আমার আইডল’।

রোববারের অনুশীলনে রবিনহো জুনিয়র তাকে ড্রিবল করে পাশ কাটানোর পর নেইমার রাগান্বিত হয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্লাব তদন্তও শুরু করে।

রবিনহো জুনিয়র ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে।

১৮ বছর বয়সী রবিনহো জুনিয়র জানান, তিনি রাগের মাথায় ঘটনাটি রিপোর্ট করেছিলেন। তার অভিযোগ ছিল, নেইমার তাকে অপমানজনক কথা বলেন, ফেলে দেন এবং মুখে চড় মারেন।

তবে পরে তিনি বলেন, ‘হ্যাঁ, একটা চড় ছিল। কিন্তু সে সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিল যে সে ভুল করেছে এবং কয়েকবার ক্ষমা চেয়েছে। আমি তার ক্ষমা গ্রহণ করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ছোটবেলা থেকে নেইমার আমার আইডল। বিষয়টা আমাকে কষ্ট দিয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। আমি এই ক্লাবেই থাকতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।’

নেইমারের মতে, তার নাম জড়িত থাকার কারণেই বিষয়টি বেশি বড় হয়ে গেছে। তিনি বলেন, ‘ফুটবলে এসব ঘটে—ঝগড়া, হাতাহাতি। কিন্তু মানুষ অনেক সময় বিষয়টাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে, ফলে এটা অযথা বড় হয়ে যায়।’

সান্তোস কোচ কুকা বলেন, এই ঘটনা দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মতে, ‘এটা ঠিক হয়নি। এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু এড়ানো যেত। এখানে কেউ জয়ী নয়—সবাই ক্ষতিগ্রস্ত, বিশেষ করে ক্লাব।’

উল্লেখ্য, সান্তোস সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ ধরে জয়ের মুখ দেখেনি।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।