এশিয়ান গেমস হকি বাছাই

লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হারলো বাংলাদেশের মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৬

অভিষেক আসর। এশিয়ান গেমস হকির বাছাইয়ে তাইতো বাংলাদেশ নারী দলকে নিয়ে স্বপ্নটা তেমন বড় ছিল না। ৮ দলের মধ্যে শীর্ষ চারে থেকে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলেই মাথা উঁচু করে ঘরে ফেরার প্রত্যয় নিয়ে ইন্দোনেশিয়া যাওয়া মেয়েরাই স্বপ্নটাকে বড় করেছিলেন ফাইনালে উঠে। স্টিক-ওয়ার্কের অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলাদেশের স্বপ্নটা ছুঁয়ে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার। কিছুদিন আগে পুরুষ দল পঞ্চম হয়ে কোনোমতে এশিয়ান গেমসে বাছাইয়ের পর অভিষেক আসরে মেয়েরা চ্যাম্পিয়ন হতে পারলে দেশের হকিতে যোগ হতো নতুন মাইলফলক। ফাইনালে সেই আশা জাগিয়েও পারেনি অর্পিতা-রিয়ারা।

ফাইনালে বাংলাদেশ হেরেছে ৩-১ গোলে। দুই দলের গ্রুপপর্বের ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ড্র হয়েছিল ৫-৫ গোলে। এক পর্যায়ে ৫-৩ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরেছিল দুর্দান্তভাবে। তবে ফাইনালে ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি।

৮ মিনিটে অধিনায়ক অর্পিতা পালের পেনাল্টি কর্নার থেকে করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ফারদিয়া রাত্রির পুশ থামিয়েছিলেন নাদিরা এমা। অধিনায়ক অর্পিতা পালের নেওয়া হিট চাইনিজ তাইপের এক ডিফেন্ডারের স্টিকে লেগে চলে যায় পোস্টে।

বাংলাদেশ ১-০ গোলের লিড ধরে রেখেই প্রথম কোয়ার্টার শেষ করে। গোলশোধে মরিয়া চাইনিজ তাইপে সফল হয় ১৭ মিনিটে। একটি সংঘবদ্ধ আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগ পরীক্ষায় ফেলে তাইপের মেয়েরা। শ্যুটিং সার্কেলের মধ্যে বেশ কিছু সময় বল দখলের লড়াই হয়। বাংলাদেশ গোলরক্ষক মহুয়া সামনে এগিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন। তবে বল পেয়ে যান চাইনিজ তাইপের ইউ চিউ ওয়াং। ডান দিক থেকে কোনাকুনি হিটে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা আনেন তিনি।

বিরতির পর দুই মিনিটের মধ্যেই আরেকটি গোল করে চাইনিজ তাইপে। বাংলাদেশ রক্ষণের দূর্বলতা কাজে লাগিয়ে তাইপের মাও সুয়ান অনেকটা ফাঁকায় বল পেয়ে যান। ডান দিকে ঢুকে তিনি সহজেই দলকে লিড এনে দেন।

৪০ মিনিটে চাইনিজ তাইপের আক্রমণ ঠেকাতে আবারো পোস্ট ছেড়ে বেশ বেড়িয়ে যান বাংলাদেশ গোলরক্ষক। চাইনিজ তাইপের হুয়াং তিং বাংলাদেশ গোলরক্ষকের সামনে থেকেই হিট নেন। গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে পড়েছিলেন। তবে বল আটকাতে পারেননি। চাইনিজ তাইপে পেয়ে যায় তৃতীয় গোল। বেশ সুবিধাজনক অবস্থানে থেকে চতুর্থ কোয়ার্টার শুরু করে তাইপের মেয়েরা।

৩-১ গোলের লিড ধরে রেখে চাইনিজ তাইপে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ প্রথমবার আন্তর্জাতিক হকি খেলতে গিয়ে ফাইনালে ওঠার কৃতিত্ব দেখায়। রানার্সআপ হয়ে ফিরছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন হলে অভিষেক আসরটি আরো রঙিন হতো অর্পিতা-রিয়াদের।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।