আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৩ মার্চ ২০২৬

কারাবাও কাপ ফাইনালে চমক দেখালো ম্যানচেস্টার সিটি। তরুণ তারকা নিকো ও’রেইলির জোড়া গোলে আর্সেনালকে ২-০ ব্যবধানে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জিতলো পেপ গার্দিওলার দল। এই হারের ফলে আর্সেনালের সম্ভাব্য চার ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে গেল।

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ঝড় তোলে সিটি। ম্যাচের ৬০তম মিনিটে আর্সেনালের বদলি গোলরক্ষক কেপা আরিজাবালাগা একটি সহজ বল ধরতে ব্যর্থ হন। রায়ান চেরকির ক্রস থেকে বল ফসকে গেলে কাছ থেকে হেড করে গোল করেন ও’রেইলি।

এর মাত্র চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে সিটি। ম্যাথিউস নুনেসের বাড়ানো বলে আবারও উৎসবের উপলক্ষ্য এনে দেন ও’রেইলি। এই গোলের পর সিটির কোচ পেপ গার্দিওলাকে টাচলাইনে উচ্ছ্বাসে নাচতে দেখা যায়।

পিছিয়ে পড়ার পর আর্সেনাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভাগ্য সহায় ছিল না। রিকার্ডো কালাফিয়েরি আর গ্যাব্রিয়েল জেসুসের প্রচেষ্টা ক্রসবারে আটকে গেলে হতাশ হয়ে ফিরতে হয় আর্সেনালকে।

এই জয়ের মাধ্যমে পেপ গার্দিওলা তার ১০ মৌসুমের সিটি ক্যারিয়ারে ১৯তম শিরোপা জিতলেন। প্রিমিয়ার লিগের লড়াইয়ে তার দল বর্তমানে আর্সেনালের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।