২০ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ড নারী দলের অলরাউন্ডার সুজি বেটস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনি ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন।

সম্প্রতি কোয়াড্রিসেপস ইনজুরি থেকে সেরে উঠেছেন বেটস। বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের হয়ে আরেকটি শিরোপা জিতেই ক্যারিয়ার শেষ করতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার।

বেটস বলেন, গত ২০ বছরের পথচলার দিকে তাকালে সময় কত দ্রুত চলে গেছে তা বিশ্বাসই হয় না। দেশের জার্সি এতবার পরতে পেরে আমি ভীষণ গর্বিত। এই দল, সতীর্থ এবং দেশের জন্য নিজেকে প্রতিদিন আরও ভালো করার চেষ্টা আমাকে আনন্দ দিয়েছে।

তিনি আরও বলেন, আমার সামনে এখন একটি শেষ লক্ষ্য—যুক্তরাজ্যে গিয়ে আরেকটি বিশ্বকাপ জেতা। এই শেষ মিশনের জন্য আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দেব।

২০০৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটে বেটসের। এরপর ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক (৪৭১৭) এবং ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ রান (৫৯৬৪) সংগ্রাহক তিনি।

২০১১ সালে নিউজিল্যান্ড দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এবং প্রায় সাত বছর দলকে নেতৃত্ব দেন। ২০১৬ সালে উইজডেন তাকে বিশ্বের সেরা নারী ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেয়।

ক্রিকেটের পাশাপাশি বাস্কেটবল খেলাতেও সমান পারদর্শী বেটস। তিনি নিউজিল্যান্ডের জাতীয় বাস্কেটবল দল টল ফের্নসের হয়ে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে অংশগ্রহণ করেন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।