এশিয়ান বিচ গেমস
ব্রোঞ্জজয়ী কাবাডির মেয়েদের ফুলেল শুভেচ্ছায় বরণ
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ নারী কাবাডি দল দেশে ফিরেছে। গত রাতে এই গেমসে পদক উদ্ধার করা দলটি দেশ ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়।
নারী কাবাডি দলটি বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন।
খেলোয়াড়দের বরণ করে আইজিপি বলেন, আমাদের মেয়েরা বিদেশের মাটিতে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা পুরো জাতির জন্য গর্বের। এই ব্রোঞ্জ পদক কেবল একটি পদক নয়, এটি কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি মমত্ববোধের প্রতিফলন। আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব।
চীন থেকে দলের সঙ্গে ফিরেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। বিমানবন্দরে আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক(ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মাহবুবুর রহমান শাহীন ও এম এ কুদ্দুস খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ কাবাডি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
আরআই/এমএমআর