মালয়েশিয়ার ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

সেমিফাইনালে এক পা দিয়ে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়া মুখোমুখি হবে ফিফা  রাঙ্কিংয়ে ১৭৪তম স্থানে থাকা শ্রীলঙ্কার। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচের দিকে তাকিয়ে আছে উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়া স্বাগতিক বাংলাদেশ।  

শ্রীলঙ্কার বিপক্ষে আজ মালয়েশিয়া জয় পেলে লাল-সবুজদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা জোরালো হবে। সেক্ষেত্রে ২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারালেই স্বপ্ন পূরণ হবে মামুনুলদের।  

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় আসবে এমন আত্মবিশ্বাস ছিল না মালয়েশিয়ান কোচ রাজিব ইসমাইলের। তবে মুখে না বললেও মাঠে ঠিক কাজটিই করেছিল তার শিষ্যরা। আজ শ্রীলঙ্কা ম্যাচে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে তার দল,এমনটাই বিশ্বাস মালয়েশিয়ান কোচের।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি মনে করি প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা স্বাগতিকদের হারিয়েছি। শেষ চারে যাওয়ার পথে আগামীকাল (আজ) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

স্বাগতিকদের হারানোর পরও টুর্নামেন্টে তাদেরই ফেভারিট মানছেন মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল। তিনি বলেন,আমার মতে এখনো বাংলাদেশ ফেভারিট। তবে ফুটবল ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

এদিকে খেলার আগেই মালয়েশিয়ার কাছে হার মেনে নিয়েছেন শ্রীলঙ্কার সার্বিয়ান কোচ কাভাজোভিচ। তিনি বলেন,আমরা ক্যারিয়ারে এবারই প্রথম কোনো প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করিনি। আমরা এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি। কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট খেলার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। মালয়েশিয়া ও বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি বা সামর্থ্য আমাদের নেই।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।