টেস্ট থেকে অবসর নিলেন ব্রাভো


প্রকাশিত: ০৭:৪০ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ক্যারিবীয় অলরাউন্ডার  ডোয়াইন ব্রাভো। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন তিনি।

বিশ্বকাপ দলে রাখা হয়নি ব্রাভোকে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েন তিনি। এর এক সপ্তাহের ব্যবধানেই টেস্ট ছাড়ার ঘোষণা আসল। ২০০৪ সালে অভিষেকের পর ২০১০ সালে সবশেষ টেস্ট খেলেন ব্রাভো। ৩১ বছর বয়সী অলরাউন্ডার মোট ৪০টি টেস্ট খেলেন। যেখানে তিনটি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরিসহ ২ হাজার দু’শ রান করেন। উইকেটও পেয়েছেন ৮৬টি।

শুক্রবার রাতে এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন ব্রাভো। ব্রাভো বলেন, ‘শেষ বছরগুলোতে অত্যন্ত আগ্রহ নিয়ে খেলেছি। আমার সেরা পারফর্ম করেছি। আমাদের সবার জন্যই এটা কঠিন এক সময়। এই অঞ্চলের মানুষ সেরা ক্রিকেট দেখেছে। যতক্ষণ আমরা খেলার প্রতি ভালবাসা না দেখাব ততক্ষণ ঐতিহ্যে ফিরতে পারব না। যারা এতোদিন সমর্থন করেছেন তাদেরকে ধন্যবাদ। ক্যারিবীয় ক্রিকেট তাদের জন্য গর্ব করে।’

সাম্প্রতিক সময়ে ভারত থেকে সিরিজ বাতিলের অন্যতম হোতা ধরা হয় ব্রাভোকে। সিরিজের আগে ওয়ানডে দলের অধিনায়কত্ব দেয়া হয়েছিল তার কাঁধে। খেলোয়াড়দের মুখপাত্র হিসেবে তখন কাজ করেন এই অলরাউন্ডার।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।