২০১৫ বিশ্বকাপের পর বিদায় নিচ্ছেন যারা


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরই হতে যাচ্ছে কিছু তারকা খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে হয়তো অনেককেই দেখতে পারবেনা ক্রিকেট বিশ্ব। আগামী বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলবেন না বলে ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন কিছু ক্রিকেটার।

২০১৫ বিশ্বকাপ সর্বশেষ বিশ্বকাপ হতে পারে যেসব খেলোয়াড়ের-

শ্রীলংকা:
মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা আসন্ন বিশ্বকাপ শেষেই অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। নিজ মাটিতে শেষ ওয়ানডে খেলে ফেলেছেন বলে ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের পর আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন জয়াবর্ধনে। দিলশানকেও নিশ্চিতভাবেই পরবর্তী ইংল্যান্ড বিশ্বকাপে দেখা যাবে না।

পাকিস্তান:
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি, অধিনায়ক মিবাহ-উল-হক এবং অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান আসন্ন বিশ্বকাপ শেষেই অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

নিউজিল্যান্ড:
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ড্যানিয়েল ভেটোরিকে দেখা যাবেনা এটা নিশ্চিত। এর সাথে  জেমস ফ্রাংকলিন, ব্রেন্ডন ম্যাককালাম, স্পিনার নাথান ম্যাককালাম, কাইল মিলস, তারকা ব্যাটসম্যান রস টেইলরও হয়তো শেষবারের জন্যই অংশ নিচ্ছেন এ বারের বিশ্বকাপে।

ওয়েস্ট ইন্ডিজ:
ক্যারিবীয় হার্ড হিটার ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিং শেষবারের মতো দেখতে যাচ্ছেন ক্রিকেট ভক্তরা। তিনি এই বিশ্বকাপ শেষেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

ভারত:
দেশের হয়ে টি-২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ শিরোপা জয় করা ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। ইতিমধ্যেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সদ্দ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে।

অস্ট্রেলিয়া:
বারবার ইনজুরিতে পড়া অধিনায়ক মাইকেল ক্লার্ক আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে পারেন বিশ্বকাপ শেষে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।