দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়


প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

দ্বিতীয় বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেও ২০০৭ বিশ্বকাপে অনেকটা সফল বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতের পর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রানের জয় দিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল হাবিবুল বাশারের দল।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ ব্যাট তুলে দেন হাবিবুলের হাতে। ব্যাটিং করতে নেমে তামিম ইকবালের সঙ্গে দারুন সূচনা এনে দেন জাভেদ ওমর। দুজনে মিলে ওপেনিং জুটিতে তোলেন ৪২ রান। জাভেদ ওমর করেন ১৭ রান  আর ছয় চারের সাহায্যে তামিম খেলেন ৩৮ রানের একটি ইনিংস।

তবে বাংলাদেশের স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান তোলার পেছনে সবচেয়ে বড় ভুমিকা পালন করেন বাংলাদেশের ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল। শন পোলক,মাখায় এনটিনি,চার্লস লেঙ্গাভেল্টদের একের পর এক সীমানার ওপারে আছড়ে ফেলেন আশরাফুল। ১২টি চারের সাহায্যে ৮৩ বলে ৮৭ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন আশরাফুল।
এছাড়া আফতাব আহমেদ ৪৩ বলে ৩৫ এবং শেষের দিকে ব্যাটে ঝড় তোলেন মাশরাফি বিন মুর্তজা (১৬ বলে ২৫)। ৪৫ রানে ৫ উইকেট নেন আন্দ্রে নেল।

২৫২ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে নাকাল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। এক হার্শেল গিবস (৫৬*) ছাড়া বাকিদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন জ্যাক ক্যালিস। আব্দুর রাজ্জাক ২৫ রানে ৩টি,সৈয়দ রাসেল ৪১ রানে ২টি,সাকিব আল হাসান ৪৯ রানে ২টি এবং মোহাম্মদ রফিক ২২ রানে নেন ১টি উইকেট। ম্যাচ সেরার পুরষ্কার জেতেন আশরাফুল।

বাংলাদেশের কাছে ক্যারিবিয়ান বিশ্বকাপ ছিল স্বপ্নের মত। কারণ এর আগে দুটি বিশ্বকাপ খেললেও একসঙ্গে দুই বিশ্বসেরাকে হারানোর স্বাদ পায়নি বাংলাদেশ।এতসব অর্জনের মাঝে একটা দুঃখও ছিল সুপার এইটে আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের পরাজয়।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।