দ্বিতীয় রাউন্ডে ঢাকা ও খুলনার সহজ জয়


প্রকাশিত: ০৬:১২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সহজেই জয় পেয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ। ফতুল্লায় ঢাকা মহানগরকে ইনিংস ও ২৪ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। আর খুলনা বিকেএসপিতে ছয় উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে।

ফতুল্লায় অনুষ্ঠিত  ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের ম্যাচের প্রথম ইনিংসে দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৫২৫ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা বিভাগ। ২৫৩ রান করে অপরাজিত থাকেন আবদুল মজিদ।  এ ছাড়া রনি তালুকদার করেন ১৬৩ রান। জবাবে ব্যাটিং করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে মাত্র ৯০ রানে অলআউট হয় তারা। ফলোয়ানে পড়ে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামলে ৪১১ রানে থেমে যায় তাদের ইনিংস। ফলে ইনিংস ও ২৪ রানে জিতে যায় ঢাকা বিভাগ। ম্যাচের প্রথম ইনিংসে চারটি করে উইকেট নেন মহানগরের মোহাম্মদ শহিদ ও ইলিয়াস সানি। মহানগরের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৯২ রান করেন শামসুর রহমান।

অন্যদিকে বিকেএসপিতে শেষ ইনিংসে জয়ের জন্য খুলনার লক্ষ্য ছিল ২৮৪ রান। ইমরুল কায়েসের ১২৭ রান ও জিয়াউর রহমানের অপরাজিত ৬৫ রানে ভর করে ম্যাচ জিতে যায় খুলনা। ম্যাচের প্রথম ইনিংসে ইমরুল করেছিলেন ১৬৬ রান।

ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস। কিন্তু তার ইনিংসে বরিশালের হার ঠেকাতে পারেনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।