সাকিবের দিকে তাকিয়ে কোচ হাথুরুসিংহে
বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর শুরু হলেও এখনো শুরু হয়নি বাংলাদেশের খেলা। বাংলাদেশ মাঠে নামবে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯.৩০ মিনিটে। সমর্থকদের মতো বাংলাদেশের ভালো খেলার প্রতীক্ষায় বসেছেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেও। আর এ জন্য তার প্রধান ভরসা সাকিব আল হাসান।
রোববার এক সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রত্যাশা ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশকে ‘ছোট দল’ হিসেবে গণ্য করা হলেও বিশ্বমানের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন বাংলাদেশ স্কোয়াডে। বিশ্বকাপে তাদের ওপরই ভরসা করছেন বাংলাদেশের কোচ।
সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান,বিশ্বকাপের অংশ হতে পেরেই গর্বিত হওয়ার দিন শেষ। বাংলাদেশ এখন মাঠে নামে কেবল জয়ের জন্যই। যে কাজটা সহজ করে দেয়ার জন্য দায়িত্ব নিতে হবে সাকিব আল হাসানকে এবং দলের অন্য সিনিয়র সদস্যদের। বিশ্বকাপের আগে বিগব্যাশ লিগে খেলেছেন বলে সাকিবের অস্ট্রেলিয়া কন্ডিশনের ধারণা আছে। ফলে স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপটা তার ওপর বেশি।
সাকিবকে ‘ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করে কোচ বলেন,‘আমরা বিশ্বের সেরা অলরাউন্ডারকে পেয়েছি। সেই আমাদের মূল খেলোয়াড়। আমি তার কাছে অনেক বেশি আশা করছি এবং মনে করছি সেই মাঠের খেলায় নেতৃত্ব দেবে।
এমআর/আরআইপি