মালাগার কাছে বার্সার হার
টানা ১১ ম্যাচ জয় করার পর হঠাৎই ছন্দপতন ঘটলো কাতালানদের। নিজেদের মাঠে সফরকারী মালাগার কাছে ১-০ গোলে হেরে গেছে লুই এনরিকের শিষ্যরা। এর ফলে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থানকে আরও কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিলো কাতালানরা।
খেলার সপ্তম মিনিটেই জয় সূচক গোলটি আদায় করে নেয় মালাগা। হঠাৎই এক প্রতি-আক্রমণে বার্সা ডিফেন্ডার দানি আলভেজের একটি ভুলের কারণে বার্সার জালে বল জড়িয়ে দেন মালাগার ১৯ বছর বয়সী ফরোয়ার্ড হুয়ানমি। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মালাগা।
এই ম্যাচে বার্সার আক্রমণভাগ ছিল একেবারে নিষ্প্রাণ। মালাগার রক্ষণ দেওয়ালে কোন চিড় ধরাতে পারেননি বার্সার আক্রমণত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ। সুযোগ ছিল কিছুক্ষনের জন্য হলেও রিয়ালের ওপরে উঠে যাওয়ার। কিন্তু ১ পয়েন্ট পেছনেই থেকে যেতে হলো বার্সাকে।
২৪ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৫৬। আর ২৩ ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫৭ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। রোববার এলচের বিপক্ষে মাঠে নামছে রিয়াল এবং ব্যবধান চার পয়েন্ট করে ফেলার সুযোগ থাকছে তাদের সামনে।
এমআর/এমএস