মাশরাফি লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রবাসীদের নিন্দা
বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার সাথে বাজেভাবে হারার কারনে প্রবাসী কিছু বাংলাদেশির হাতে লাঞ্ছিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশারফি বিন মুর্তজা। শুক্রবার মাশরাফিসহ দলের আরও কয়েকজন ক্রিকেটার জুম্মার নামাজ পড়ার জন্য মেলবোর্নের হান্টিংডেল মাসালায় গেলে প্রবাসী কয়েকজন বাংলাদেশি তাঁকে দলের খারাপ খেলার কারন জিজ্ঞেস করেন।
পরবর্তীতে তা একপ্রকার তর্কে রুপ নেয়। এসময় উপস্থিত আরও কয়েকজন বাংলাদেশির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে লাঞ্ছিতকারীদের পরিচয় জানা যায়নি। পরে খেলোয়াড়রা হোটেল স্যুটে ফিরে যায়।
কিন্তু এই ঘটনায় বাংলাদেশের খেলোয়াড় ও প্রবাসী বাংলাদেশীরা হতাশ হয়েছেন। অনেক বাংলাদেশী নিজের ফেসবুকে হতাশার কথা লিখেছেন এবং দোষীদের বিরদ্ধে ব্যবস্থা নেবার অনুরোধ করেছেন। কেউ কেউ তীব্র নিন্দা জানিয়েছেন।
অমিত কুমার নামে সিডনি প্রবাসী এক বাংলাদেশি লিখেছেন, আমরা ক্রিকেট অনেক ভালবাসি। খারাপ খেললে রাগ হয়, অনেক গালাগালি করি সত্যি। কিন্তু তাঁরা যখন বিদেশে খেলতে আসে তখন আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে। তাদের অপমান করে তো সব ক্রিকেট প্রেমীদের অপমান করা হচ্ছে।
তন্ময় রাব্বি নামে আরেকজন লিখেছেন, প্রয়োজনে ২০৭৫ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো? তাই বলে নিজের দেশকে অপমান করতে পারিনা। নাইম মাজহার নামে আরেক দর্শক লিখেছেন, দল হারবে জেনেও খেলা দেখি কারন দল বিশ্বকাপে খেলছে এটাই বড় কথা। বিদেশে আমরা থাকি, দলের সবাই আমাদের কাছে সমর্থন আশা করে। আমরা যদি তাদের হতাশ করি তাহলে তাদের খেলায় নীতিবাচক প্রভাব পড়বে।
তবে এই বিষয় নিয়ে দলের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে কোন মন্তব্য করেননি দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টিম বাংলাদেশ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার কাছে ৯২রানের বিশাল ব্যবধানে হেরে যায় এবং এই খেলায় দলের বোলিং, ব্যাটিং ও প্রচুর মিস ফিল্ডিং হয়।
এআরএস/এমএস