অচেনা রুপে অস্ট্রেলিয়া!


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

খেলা মাঠে গড়ানোর আগে এই দুই দলের লড়াইকে ভাবা হচ্ছিলো ২০১৫ বিশ্বকাপের ফাইনালের ড্রেস রিহার্সেল হিসেবে। হ্যাঁ, ক্রিকেটপ্রেমীরা কল্পনায় আঁকছিল টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দুই দলের উত্তুঙ্গ লড়াইয়ের চিত্র। কিন্তু অকল্যান্ডের ইডেন পার্ক অকল্পনীয় এক দৃশ্যই উপহার দিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচ খেলতে নেমে কুঁকড়ে গেল অস্ট্রেলিয়া। ছড়ি ঘোরানো তো দূরে থাক, সামান্য প্রতিরোধও গড়তে পারলো না মাইকেল ক্লার্ক বাহিনী। বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিন্ম রানের স্কোর গড়ে ৩২.২ ওভারে অলআউট হয়ে গেল মাত্র ১৫১ রানেই। চেনায় গেলনা সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

১৯৮৩ সালের জুন মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে ভারতের বিপক্ষে খেলায় ৩৮.২ ওভার ব্যাট করে ১২৯ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। মহাযজ্ঞে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বিবর্ণ রূপ। এর আরো ৯ দিন আগে ওই একই বিশ্বকাপে লিডসে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫১ রানে থেমেছিল ‘দ্য ইয়েলো’রা। সেবার ৩০.৩ ওভার ব্যাট করেছিল তারা। ৩২ বছর আগে সেই স্মৃতি অকল্যান্ডে আবার উসকে উঠেছিল। যখন শনিবারসীয় মহারণে মাত্র ১০৬ রানে আট উইকেট হারায় অসিরা।

তবে খুব খারাপ কিছু হয়নি! লোয়ার অর্ডারে ব্রাড হাডিনের প্রতিরোধে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস ১৫১ রান পর্যন্ত স্থায়িত্ব পায়। ওভার খেলা হয় ৩২.২টি। ফলে সবচেয়ে বড় লজ্জা অর্থাৎ, বিশ্বকাপে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায় তারা। অবশ্য এদিন তৃতীয় সর্বনিন্ম রানে অলআউট হওয়ার লজ্জা থেকে রক্ষা পায়নি অস্ট্রেলিয়ানরা।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।