বার্সার স্বস্তির জয়
জেরেমি ম্যাথিউয়ের একমাত্র গোলে সেল্টা ভিগোর বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা। আর এ জয়ে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লুইস এনরিকের শিষ্যরা।
সেল্টা ভিগোর মাঠে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বার্সার সামনে। ডি বক্সের সামনে থেকে দারুণ এক শট নেন মেসি। কিন্তু আর্জেন্টাইন তারকার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।
৩১ মিনিটে দানি আলভেজের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক শটে বল জালে জড়ান নেইমার। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। এক সময় মনে হচ্ছিল, নিষ্প্রাণ ড্রয়ের দিকেই হয়তো যাচ্ছে ম্যাচটি। তবে ৭৩ মিনিটে বার্সার ত্রাণকর্তা হয়ে দেখা দিলেন ম্যাথিউ। বদলি হিসেবে মাঠে নামা জাভির ফ্রি-কিক থেকে অসাধারণ এক হেডে বল জালে জড়ান এই ফরাসি ডিফেন্ডার।
এই জয়ে একটি রেকর্ডও হয়েছে বার্সার। লা লিগার ইতিহাসে সেল্টা ভিগোর বিপক্ষে সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচ (২০) জয়ের রেকর্ড এখন মেসিদের দলের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি জয় রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের।
এমআর /আরআইপি