মায়ামি ওপেনের শিরোপা জিতলেন জোকোভিচ
ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে, ৫ম বারের মত মায়ামি ওপেনের শিরোপা জিতলেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। সেই সাথে প্রথম টেনিস তারকা হিসেবে তিনবার একই বছর ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেনের শিরোপা জয়ের রেকর্ড গড়েন ৮টি গ্রান্ডস্ল্যাম জয়ী জোকোভিচ।
মায়ামির ব্রিটানিয়া কোর্টে প্রথম সেট ৪-০ তে এগিয়ে থেকে একপেশে ম্যাচের ইঙ্গিত দিয়েছিলেন ২৭ বছর বয়সী সার্বিয়ান জোকো। কিন্তু, দ্রুতই লড়াইয়ে ফেরেন অলিম্পিক স্বর্ণ পদক জয়ী অ্যান্ডি মারে। তবে,শেষ পর্যন্ত ৬৭ মিনিটের ম্যারাথন প্রথম সেটেটি ৭-৬ গেমে নিজের করে নেন জোকো।
২য় সেটে ঘুরে দাঁড়ান ২টি গ্রান্ডস্ল্যাম জয়ী মারে। জমজমাট লড়াইয়ে ৬-৪ গেমে ২য় সেটটি নিজের করে নেন এই ব্রিটিশ। তবে শেষ রক্ষা হয়নি। ৬-০ গেমে প্রভাব বিস্তার করে তৃতীয় ও শেষ সেটের সাথে মায়ামি ওপেনের শিরোপাও নিজের করে নেন সার্বিয়ান তারকা জোকোভিচ।
নোভাক জোকোভিচ বলেন, বিশ্বের অন্যতম সেরা তারকাদের অংশগ্রহণে এটি একটি দারুণ টুর্নামেন্ট। তাই এই জয় আমাকে বাড়তি প্রেরণা দেবে আসন্ন টুর্নামেন্টের জন্য।
এমআর/আরআই