শচীন টেন্ডুলকারকে নিয়ে ডকুমেন্টারি


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৩ এপ্রিল ২০১৫

লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের দৈনন্দিন জীবনের একঝলক দেখতে চান?  অথবা জেনে নিতে চান তিনি নিজের বাড়ির ঠিক কোন প্রান্তে বসে কী করেন? দেখে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর পুরনো সব খেলার সরঞ্জামও। হ্যাঁ । শচীন টেন্ডুলকারকে নিয়ে একটি  ডকুমেন্টারি বানাতে চলেছেন প্রযোজক রবি ভাগচন্ডকা। যেখানে শচীনের ক্রিকেট জীবনের নানা খুঁটি-নাটি অজানা তথ্যের সন্ধান পাবেন দর্শকর। গত কুড়ি মাস ধরে অনেক দৌড়-ঝাঁপ তপস্যার পর অবশেষে ক্রিকেট ঈশ্বরকে রাজি করাতে পেরেছেন তিনি।

২০১৩ সালে বাইশ গজকে বিদায় জানালেও মাস্টার ব্লাস্টারের জনপ্রিয়তা কোনও অংশে কমেনি। তাঁর বিষয়ে জানার আগ্রহ ক্রিকেটপ্রেমীদের কখনও শেষ হওয়ার নয়।

একটি সংবাদমাধ্যমে ডকুমেন্টারির ফার্স্ট লুক ধরা পড়েছে, যেখানে শচীন নিজের হাতে তাঁর ক্রিকেটের সরঞ্জাম দর্শকদের সামনে তুলে ধরছেন। তাঁর বাড়ির ভিতরই চলছে শুটিং৷

ছবিতে লিটল মাস্টারের ছোটবেলার কিছু দৃশ্যে একজন অভিনেতা অভিনয় করবেন। পরিচালক লন্ডনবাসী জেমস অ্যারস্কিন প্রথমবার ভারতে এসে কোনও ছবির কাজ করছেন৷ এর আগে খেলা নিয়ে চলচিত্র বানিয়ে পুরস্কৃত হয়েছেন জেমস। এই পরিচালকের হাত ধরে ডকুমেন্টারি এক অন্য মাত্রা পাবে বলে আশা প্রযোজক রবির। এখনও পর্যন্ত ছবিটির কোনও নাম ঠিক করা হয়নি। ২০১৬ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাওয়ার কথা।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।