চ্যাম্পিয়ন্স লিগ: বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ, রিয়াল-জুভেন্টাস


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার রোমাঞ্চকর ফাইনালের পথ উন্মুক্ত রইল। শুক্রবার সেমিফাইনালের ড্রয়ে বার্সা ও রিয়াল একে অপরকে এড়াতে সক্ষম হয়েছে। বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস সেমিতে মুখোমুখি হবে।

শুক্রবার বাংলাদেশ সময় বেলা চারটায় ড্র অনুষ্ঠিত হয়। এতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লুইস এনরিকের বার্সেলোনা। অপর সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচটি পেপ গার্দিওলার জন্য আবেগের ম্যাচই হবে।  ২০০৮ ও ২০১২ সালে কাতালান ক্লাবটিতে দুর্দান্ত সময় পার করা গার্দিওলা এখন বায়ার্ন মিউনিখের কোচ। ২০১২ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর ফের সাবেক শিষ্যদের মুখোমুখি হবেন তিনি। ফের ন্যু-ক্যাম্পের ডাগআউটে গলা ফাটাবেন। তবে এবার বার্সেলোনার জন্য নয়, বায়ার্নের জন্য গলা ফাটাবেন তিনি।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে একে অন্যের মুখোমুখি হয়। কাতালানরা চাইলে সেই বছরের ফলাফলকে ভুলে যেতে চাইবেন। সেবার দুই মিলিয়ে  স্প্যানিশ জায়ান্টদের ৭-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে জার্মান জায়ান্টরা।

তবে বার্সেলোনা চাইলে ২০০৮-০৯  মৌসুমের কোয়ার্টার ফাইনালে দুই দলের সাক্ষাৎ থেকে অনুপ্রেরণা নিতে পারে। সেবার গার্দিওলার অধীনে থাকা বার্সা দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৫-১ ব্যবধানে সেমিতে উত্তীর্ণ হয়।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২০১৩-১৪ মৌসুমে গ্রুপ পর্বে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের মুখোমুখি হবে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান চ্যাম্পিয়নদের ২-১ গোলে পরাজিত করে কার্লো আনচেলত্তির দল। ফিরতি লেগে তুরিনের মাঠে স্বাগতিক জুভেন্টাসকে ২-২ গোলে রুখে দেয় স্প্যানিশ জায়ান্টরা।

এর আগে ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফািইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তবে ১৯৯৭-৯৮ মৌসুমের ফাইনালে ইতালিয়ান জায়ান্টদের হারিয়ে শিরোপা জয় করে লস ব্লাঙ্কুসরা।

চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আগামী ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে। ফিরতি লেগ পরের সপ্তাহে ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুন জার্মানির বার্লিনে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।