হ্যাটট্রিক শিরোপার সামনে বায়ার্ন


প্রকাশিত: ১০:২৪ এএম, ২৬ এপ্রিল ২০১৫

জার্মান বুন্দেসলিগায় নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। গত দুই বারের ন্যায় এবারও লিগ শেষ হওয়ার আগেই হ্যাটট্রিক শিরোপার আনন্দে মেতে উঠতে পারে জার্মানির সফলতম ক্লাব।

এর আগে দুই মৌসুম আগে ছয় ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে রেকর্ড গড়েছিল ব্যাভারিয়ান। গতবার রেকর্ডটা আরেকটু উন্নত করেছিল সাত ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে।

শনিবার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের লক্ষ্যভেদে হার্থা বার্লিনকে ১-০ গোলে হারানোয় ২৫তম লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিত বায়ার্নের। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে পেপ গার্দিওলার বায়ার্ন সবার ধরাছোঁয়ার বাইরেই বলা যায়। ২৯ ম্যাচে ৬১ পয়েন্ট সংগ্রহ করা ভল্ফসবুর্গের অবস্থান দ্বিতীয়। রোববার বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখকে ভল্ফসবুর্গ হারাতে না পারলে চ্যাম্পিয়ন হয়ে যাবে বায়ার্ন।

তবে এখনই হ্যাটট্রিক শিরোপার উৎসব শুরু করতে রাজি নন গার্দিওলা। শিষ্যদের পরামর্শ দিয়ে বায়ার্ন কোচ বলেন, আমরা গাণিতিকভাবে না হলেও তাত্ত্বিকভাবে চ্যাম্পিয়ন হয়ে গেছি। শিরোপা প্রায় আমাদের হাতে। আমাদের এখন অন্য কাজে মনোযোগ দিতে হবে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।