টেস্টেও জয় চায় টাইগাররা


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে শনিবার খুলনায় পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এবার ওয়ানডেতে বাংলাওয়াশ আর টি-২০ জয়ের পর টেষ্টেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে মুশফিক বাহিনী।

অন্যদিকে টেস্টে জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ সফরের দুঃসহ স্মৃতি ভুলতে চায় পাকিস্তান দল। আর সে কারণেই আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রাকটিস করতে নেমে প্রচুর ঘাম ঝরালেন মেসবাহ, ইউনুসরা। আর দূরে বসে শিষ্যদের নানা রকম টিপস দিয়ে গেলেন ওয়াকার ইউনিস।

রোববার খুব সকালেই প্রাকটিসে পৌছে যায় পাকিস্তান দল। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নেটে প্রাকটিস করেন দলের খেলোয়াড়রা। দলের কান্ডারী মেজবাহ দুই দফায় সময় নিয়েই ব্যাটিং করেন। ইউনিস খানও বেশ সময় নিয়েছেন তার ব্যাটিং ঠিক করতে।

এদিকে পাকিস্তানের চেয়ে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে এগিয়ে থাকা টাইগাররা খোস মেজাজে টাইগাররা ঠিক সময়েই প্রাকটিসে এলেন। দুপুর ১.১৫ মিনিটে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম প্রথমে মাঠে আসেন। মাঠে নেমেই চলে যান পিচের খোঁজ নিতে। এরপর একাই শুরু করেন ব্যাটিং। তবে অধিনায়কের অনেক পরে মাঠে আসেন তামিম, রুবেল, সৌম্য, সাকিব, লিটনরা। তারা এসে স্ট্রেচিং করার পর ফুটবল খেলা শুরু করেন। এসময় টাইগারদের চোখে ছিলো তৃপ্তির ছোয়া।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বাংলাদেশ ও পাকিস্তান দলকে নগরীর শিববাড়ি মোড়ের হোটেল সিটি ইন থেকে নিয়ে যাওয়া হয় বয়রার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এসময় রাস্তায় মোতায়েন করা হয় পুলিশের পাশাপাশি র্যা ব, এপিবিএন এবং আনসার বাহিনীর সদস্যদের। তবে নিরাপত্তার মধ্যেও উভয় দলের খেলোয়াড়দের এক নজর দেখার জন্য হোটেলের সামনে খুলনাবাসীর ভীড় ছিলো চোখে পড়ার মত। সেখানেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছিলো কঠোর নজরদারি।

এদিকে টেস্ট খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে খুলনাবাসী। আজ থেকে বিক্রি শুরু হয়েছে খুলনার একমাত্র টেস্টের টিকেট। কে কার আগে টিকেট সংগ্রহ করতে পারবে তা নিয়েই চলছে সরব আলোচনা। অন্যান্য সময়ের মত টিকেট কালো বাজারে চলে যাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করছে অনেকে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।