ক্রিকেট বোর্ডের কাছে প্রায় ২ কোটি রুপি পাওনা সুনীলের


প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

আইপিএল ৭ চলাকালীন বিসিসিআই ও আইপিএলের প্রেসিডেন্ট পদের দায়িত্বভার সামলানোর জন্য বোর্ডের কাছে ১ কোটি ৯০ লাখ ভারতীয় রুপি পারিশ্রমিক চেয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। সোমবার এই কথা জানান রবিবার বোর্ডের সভায় হাজির থাকা বিসিসিআইয়ের এক বিশ্বস্ত কর্মকর্তা।

গতবার ভারত ও আরব আমিরাতে আইপিএলের আসর বসেছিল। সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশে গাভাসকরকে আইপিএল ও বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছিল। পাশাপাশি আদালত জানিয়েছিল, যেহেতু প্রেসিডেন্ট পদে থাকাকালীন সানি ধারাভাষ্য দিতে পারবেন না, কলাম লিখতে পারবেন না তাই তাঁকে যেন সেই ক্ষতিপূরণ দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা এ দিন বলেন, “গাভাসকর বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানেই তিনি ১ কোটি ৯০ লাখ রুপি চেয়েছিলেন। কারণ এই সময় তাঁর ধারাভাষ্য ও কলাম লেখা সহ সমস্ত মিডিয়া ইভেন্ট মিলিয়ে প্রায় এই টাকা হত।”

সানিকে এখনও টাকা দেওয়া হয়নি বলেই জানিয়েছেন বোর্ড কর্তা। তবে সুপ্রিম কোর্টের আদেশ থাকায় খুব তাড়াতাড়ি টাকা দেওয়া হবে বলে জানান তিনি।

অন্য দিকে, বোর্ডের সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়কে নিয়ে একটি প্যানেল গঠন করবে বোর্ড। সেখানে এই ত্রিমূর্তি ক্রিকেটের উন্নতির বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি টিম ইন্ডিয়ার নয়া কোচ বাছাইয়ের জন্য পরামর্শ দেবেন।

সূত্রের খবর, শচিন টেন্ডুলকার বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত। ইতিমধ্যেই তিনি নাকি নিজের ভূমিকা নিয়ে আরও বিস্তারিত ভাবে জানতে চেয়েছেন বোর্ডের কাছে।

বোর্ড কর্তা বলেন, “শুনছি শচিন বিষয়টাতে খুবই আগ্রহী। ক্রিকেটের উন্নতিতে তাঁর কাছ থেকে কী আশা করা হচ্ছে সে বিষয়ে ভালো করে জানতে চেয়েছেন। পাশাপাশি কোনও কনট্র্যাক্ট থাকলে কী নিয়ম কানুন থাকবে তাও শচিন জানতে চেয়েছেন।”

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।