হাফিজ-আজাহারে দ্বিতীয় দিন পাকিস্তানের
বাংলাদেশের করা ৩৩২ রানে জবাবে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হাফিজের শতক আর আজাহারের অর্ধশতকে দ্বিতীয় দিনটা নিজের করে নিল পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২২৪ রান। মোহাম্মদ হাফিজ ১৩৬ আর আজাহার আলী ৬৫ রান নিয়ে অপরাজিত আছেন।
টাইগারদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার ভালোই সূচনা এনে দিয়েছিলেন দলকে। উদ্বোধনী জুটিতে ৫০ রান পেয়ে যায় অতিথি দল। এরপরই আঘাত হানে তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী হয়েছেন ২০ রান করা অভিষিক্ত সামি আসলাম।
এরপর দুইবার আউটের সুযোগ দিয়েছিলেন আজহার আলী। দুবারই ব্যর্থ হন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ব্যক্তিগত ১১ রানে সাকিব আল হাসানের করা বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আজহার। তবে টাইগার অধিনায়কের হাত ফসকে বল পড়ে যায়। বল মাটিতে পড়ার আগে অবশ্য মাহমুদুল্লাহও সুযোগ পেয়েছিলেন বলটি লুফে নেয়ার। তবে তিনিও ব্যর্থ হন।
এরপর ব্যক্তিগত ২৮ রানে ফের ক্যাচ দেন আজহার। এবার হতভাগ্য বোলার অভিষিক্ত পেসার মোহাম্মদ শহিদ। ডান-দিকে ঝাঁপিয়ে পড়লেও গ্লাভসবন্দি করতে পারেননি মুশফিক।
এর আগে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৩৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
আগের দিনের ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরুর পর ৭ রান যোগ হতেই ফেরেন সাকিব আল হাসান। ২৫ রান করে জুলফিকার বাবরের শিকার হন তিনি। ৬২ রানের জুটি গড়ে ভালই এগুচ্ছিল মুশফিক-সৌম্য জুটি। কিন্তু তড়িঘড়ি রান তোলার নেশায় অভিষিক্ত সৌম্য সরকারকে থামতে হয় ৩৩ রানেই। রান মেশিন মুশফিকুর রহিমের কাছ থেকে এ যাত্রাই ২৯ রানের বেশি আসেনি। এর কিছুক্ষন পর লোয়ার অর্ডারের তাইজুলকে রাউন্ড দ্য লেগ বোল্ড করেন ইয়াসির শাহ।
লাঞ্চের পর দলীয় স্কোর বোর্ডে ৭ রান যোগ করতেই আর ২ উইকেট হারালে ৩৩২ রানে শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস। পাকিস্তানের পক্ষে ইয়াসির শাহ আর ওয়াহাব রিয়াজ নেন ৩টি করে উইকেট। হাফিজ আর বাবর নিয়েছেন ২টি করে উইকেট।
এমআর/আরআইপি