লিভারপুলেই থাকছেন বালোতেল্লি
তারকা ফুটবলার মারিও বালোতেল্লি আগামী মৌসুমে লিভারপুলেই থাকছেন বলে নিশ্চিত করেছেন তার এজেন্ট মিনো রায়োলা। রেডসদের হয়ে প্রথম মৌসুমটা একেবারেই ভাল কাটেনি এই ইতালিয়ানের।
সব ধরনের প্রতিযোগিতায় ধারাবাহিকতার অভাবে থাকা ব্রেন্ডন রজার্সের দলের হয়ে মাত্র চার গোল করেছেন তিনি। কিন্তু রায়োলা ইঙ্গিত দিয়েছেন ইতোমধ্যেই তার সঙ্গে ক্লাবের আলোচনা শুরু হয়েছে। আর তাতেই নিশ্চিত হয়েছে এবারের গ্রীষ্মে অন্তত বালোতেল্লি মার্সিসাইড ছাড়ছেন না। সর্বশেষ ম্যানচেস্টার সিটিতে থাকার সময় বেশ কিছু অঘটনের জন্ম দিয়েছিলেন বালোতেল্লি। আর তাই গত আগস্টে যখন বালোতেল্লি এ্যানফিল্ডে আসেন তখন তার অফ-ফিল্ড আচরণ নিয়ে প্রশ্ন উঠে। কিন্তু রায়োলা বিশ্বাস করেন ডিসেম্বরে বিতর্কিত এক ঘটনায় এক ম্যাচ বহিষ্কৃত থাকলেও ক্লাব তাকে নিয়ে বেশ সন্তুষ্ট। রায়োলা বলেছেন তার পেশাদারিত্ব নিয়ে ক্লাব দারুন খুশী। অবশ্যই এখন তাকে নিজের পারফরমেন্সের আরো উন্নতি করতে হবে। তবে আমি মোটামুটি নিশ্চিত আগামী মৌসুমে সবকিছুকে পেছনে ফেলে সে সামনে এগিয়ে যাবে।
একে/আরআই