নীরবেই ফুটসাল লিগ যুগে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৩ মে ২০২৬

দেশে ফুটসালের টুর্নামেন্ট হয়েছে আগে। আন্তর্জাতিক ফুটসালেও অভিষেক হয়েছে বাংলাদেশের। সাফ নারী ফুটসালের অভিষেক আসরে তো বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। তবে ঘরোয়া লিগ ছিল না কখনো। অবশেষে সেই ফুটসাল লিগ শুরু হতে যাচ্ছে এবং আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই।

দেশের ইতিহাসের প্রথম ফুটসাল লিগ শুরু হচ্ছে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। পুরুষ ও নারী দুই বিভাগের লিগেই অংশ নেবে ১১টি করে দল।

ফুটসাল লিগের প্রথম আসরে অংশ নিচ্ছে-বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন এফসি।

প্রথম দিনে খেলা আছে বিকেল ৫টায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপির নারী দল। সন্ধ্যা ৭টায় শুরু পুরুষ বিভাগের প্রথম ম্যাচেও খেলবে এই দল দুটি। দিনের শেষ ম্যাচে রাত ৯টায়। খেলবে পুরুষ বিভাগের জেনন এফসি ও ঢাকা অ্যাথলেটিক।

ফুটসালের প্রথম আসরে তারকাদের নিয়ে দল গড়েছে আইএম টেন এফসি। সাফ ফুটসাল জয়ী ৮ জন–সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, স্বপ্না আক্তার, লিপি আক্তার, নিলুফা ইয়াসমিন, মার্জিয়া আক্তার ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন এই দলের হয়ে। ওয়ারিয়র স্পোর্টসের জার্সিতে দেখা যাবে সাফজয়ী দুই খেলোয়াড় সুমি খাতুন ও ইতি রানীকে।

সেনাবাহিনীতে খেলবেন মেহেনুর আক্তার ও নওশন জাহান। টেকভিল ফুটসাল ক্লাবে নাম লিখিয়েছেন সানজিদা আক্তার ও ফায়েদ আজিম ছেলেদের বিভাগে আইএম টেনের হয়ে মাঠ মাতাবেন কাজী ইব্রাহিম ও মঈদ আহমেদ। ফকির এফসির হয়ে খেলবেন জাতীয় দলের ফয়সাল হোসেন। লিগের প্রথম পর্বের পর লম্বা বিরতি। ২৪ মে থেকে ২২ জুলাই টানা দুই মাস লিগ বন্ধ থাকবে।

ফুটসাল লিগ দেশের ক্রীড়ায় নতুন অধ্যায়। এক কথায় নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। অথচ এই লিগ বাফুফে শুরু করতে যাচ্ছে নীরবেই। লিগ শুরুর আগের বিকেলে একটা ফিকশ্চার সংবাদ মাধ্যমে প্রেরণ করেই দায়িত্ব শেষ করেছে দেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠান বাফুফে।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।