ফ্রেঞ্চ ওপেন থেকে শারাপোভার বিদায়
চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার কাছে হেরে ফ্রেঞ্চ ওপেনের ৪র্থ রাউন্ডেই ছিটকে পড়লেন আসরের টানা তিনবারের ফাইনালিস্ট ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। তবে, জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস, রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে।
শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ৪র্থ রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লুসির বিপক্ষে কোর্টে নামেন আসরের বর্তমান এই চ্যাম্পিয়ন। তবে, লক্ষ্যটা বাস্তবে রূপ দিতে পারেননি টানা তিনবারের এই ফাইনালিস্ট। প্রথম সেট টাইব্রেকে ৭-৬ গেমে হারার পর, দ্বিতীয় সেটেও ৬-৪ গেমে হেরে আসর থেকে বিদায় নেন ৫টি গ্র্যান্ড স্ল্যামের মালিক শারাপোভা।
এদিকে, ছেলেদের এককে, জয় পেতে খানিকটা বেগ পেতে হয়েছে সুইস তারকা ফেদেরারকে। ফ্রান্সের গাইল মনফিল্সের বিপক্ষে প্রথম সেট ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয় সেট ৪-৬ গেমে হারেন ফেদেরার। এরপর ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ৬-৪, ৬-১ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার।
এমআর/পিআর