ভারত সিরিজে নিষিদ্ধ হল আপত্তিকর প্ল্যাকার্ড


প্রকাশিত: ০৩:১০ এএম, ০৪ জুন ২০১৫

বিশ্বকাপে মেলবোর্ন কোয়ার্টার কাণ্ডের পর ভারত-বিরোধী আবেগটা বাংলাদেশী দর্শকদের মধ্যে স্পষ্ট। যার অনেকটা আবার মাত্রাতিরিক্ত। তাই সেই শঙ্কা থেকেই আসন্ন সিরিজে যেন এর কোন দৃষ্টিকটু প্রভাব না পড়ে সেটা রুখতে আপত্তিকর প্ল্যাকার্ড-ফেস্টুন, স্লোগান-মন্তব্য নিষিদ্ধ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

আপত্তিকর প্ল্যাকার্ড, ফেস্টুন, স্লোগানে নিষেধাজ্ঞা অমান্য করলে নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন বলে বিসিবির নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন। স্পর্শকাতর বিষয়ে তাই আপত্তিকর কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না।

আপত্তিকর বলতে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলে এমন কিছুকেই বুঝিয়েছে বিসিবি। মাঠের পাশাপাশি গ্যালারিতেও সুন্দর পরিবেশ বজায় রাখতে চায় তারা। ক্রিকেট উপভোগ করতে এসে যুদ্ধ বাধানোর কোন কারণ তো নেই, মন্তব্য বিসিবি কর্মকর্তার।

এর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা অতিথি দলগুলোকে বরাবরই দারুণ আতিথেয়তা দিয়েছে। কিন্তু ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বাসে ঢিল পড়ার বিষয়টিও তো আছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতির হতে পারে। তাই সুনাম ধরে রাখতে সমর্থকদের সহযোগিতা চেয়েছে বিসিবি।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।