কোপা আমেরিকা : আজ মাঠে নামছে আর্জেন্টিনা


প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৩ জুন ২০১৫

জার্মানির কাছে হেরে আর্জেন্টিনা খালি হাতে ফিরলেও মেসি হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ফুটবলার। তবে ব্রাজিল বিশ্বকাপের হতাশ ভোলার এবং সমালোচকদের জবাব দেওয়ার জন্য নিজেকে সেরা প্রমাণ করার জন্য ভালো আরেকটা সুযোগই পেয়ে গেছেন মেসি।

মেসি যদি আর্জেন্টিনাকে চিলিতে অনুষ্ঠিতব্য কোপা আমেরকিায় চ্যাম্পিয়ন করতে পারে তাহলে হয়তো তাকে নিয়ে পুরো ফুটবল বিশ্বই মেতে উঠবে। আর মেসি নিজেও লক্ষ্য ঠিক করেছেন এবার আর্জেন্টিনাকে লাতিন আমেরিকায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা ঘোচানোর। মেসির এই স্বপ্ন পূরণের অভিযান শুরু হবে আজই, প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে।

১৯৯৩ কোপা আমেরিকা জয়ের পর টানা ২২ বছর শিরোপাহীন আর্জেন্টিনা। গত বছর অল্পের জন্য বিশ্বকাপটা জেতা হয়নি। এবার মেসি নিজেই জানিয়েছেন, কোপায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা রীতিমতো মরিয়া। দলে তিনি পাশে পাচ্ছেন আগুয়েরো, হিগুয়াইন, তেভেজ ও ডি মারিয়ার মতো তারকাদের।

স্বপ্নের ফরোয়ার্ড লাইন নিয়ে কোপা অভিযান শুরুর আগে মেসি বলেছেন, ‘সর্বশেষ ট্রফি জেতার পর বেশ ভালো কয়েকটি দল পেয়েছি আমরা। তারপরও অনেক দিন হল কিছুই জেতা হয়নি। ব্রাজিলে শিরোপার খুব কাছ থেকে ফিরতে হয়েছে। তবে বিশ্বকাপ এখন অতীত। সব ভুলে কোপা আমেরিকা জেতাই আমাদের একমাত্র লক্ষ্য। এখানে সব প্রতিপক্ষই কঠিন। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিশেষ নজরে রাখতে হবে ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে ও চিলিকে।’

২০১৪ বিশ্বকাপের স্মৃতি ভুলে যেতে চাইলে ও বুটজোড়া তুলে রাখার আগে একটি বিশ্বকাপ জিততে চান মেসি, ‘যে কোনো ফুটবলারের চূড়ান্ত লক্ষ্য এটা। বার্সেলোনায় আমার অনেক সতীর্থই বিশ্বকাপ জিতেছে। আশা করি আমিও একদিন সেই স্বাদ পাব।’

গত আসরের রানার্সআপ প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে আরেক আর্জেন্টাইন নক্ষত্র আগুয়েরো বলেছেন, ‘আমাদের এই প্রজন্ম কোপা আমেরিকা জিততে না পারলে সারা জীবন দুঃখ থেকে যাবে।’

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।