মেক্সিকো-বলিভিয়া ম্যাচ গোলশূন্য ড্র
কোপা আমেরিকার দ্বিতীয় দিনের গ্রুপ পর্বের প্রথম খেলায় পয়েন্ট নষ্ট করলো মেক্সিকো। বলিভিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে মিগুয়েল হেরেরা শিষ্যরা। এর ফলে ১৬টি কোপা আমেরিকা ম্যাচ খেললেও মেক্সিকোর সাথে কোন ম্যাচ জিততে পারলো না বলিভিয়া।
পরিসংখ্যানের কথা মাথায় রেখে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে ফেভারিট মেক্সিকো। তবে নামের প্রতি কোন সুবিচার করতে পারেনি হোসে করোনা, মারেকুয়েজ, ডোমিনগুয়েজ, মেদিনা, জেসাস করোনা, হেরেরার মতো তারকারা। উল্টো ম্যাচের ৪২ মিনিটের মাথায় বলিভিয়া লিড নেওয়ার সুযোগ পেয়েছিল। ক্যামপোসের একটি জোরালো শট ফিরিয়ে দেন মেক্সিকান গোলরক্ষক হোসে করোনা। এক মিনিট পরেই আবারো সুযোগ আসে বলিভিয়ানদের। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন রালদেস। তার হেডটি জালের পাশে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে করোনার একটি জোরালো শট গোলবারের পাশ দিয়ে বেড়িয়ে গেলে মেক্সিকো লিড নিতে পারেনি। গোল করার মোক্ষম সুযোগ পেয়েছিলেন মেক্সিকোর স্ট্রাইকার রাউল জিমিনেজও। কিন্তু খুব কাছ থেকে হেড করেও বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি তিনি। এছাড়া মেক্সিকোর একটি পেনাল্টির আবেদন নাকচ করে দিয়েছিলেন রেফারি।
বাকি সময় কোন দল গোল করতে না পারলে গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
এমআর/এমএস