কোপা জিততে মেসির পিৎজা ত্যাগ
বার্সেলোনার সব শিরোপা জিতলেও দেশের জার্সি গায়ে এখনও বড় কোন শিরোপা জিততে পারেননি মেসি। দেশের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিততে এবার পিৎজা খাওয়া বাদ দিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
বার্সেলোনায় তাঁর এত অসাধারণ মরসুমের রহস্য হিসেবে বেরিয়ে আসছে মেসির খাদ্যাভ্যাস। গত বছর ব্রাজিল বিশ্বকাপের পরেই মেসি এক জন পুষ্টিবিদ রাখেন তাঁর ব্যক্তিগত সাপোর্ট স্টাফে। যাঁর কাজ মেসি সারা দিনে কী খাবেন, কী খাবেন না সেই ব্যাপারটা দেখা। গিউলিয়ানো পোসার নামের পুষ্টিবিদ নাকি মেসির পছন্দের সব খাবারের উপরই নিষেধাজ্ঞা জারি করেন। বাতিলের তালিকায় প্রথমেই ছিল পিৎজা।
গতবার কোপা আমেরিকায় একটাও গোল করতে পারেননি মেসি। তাঁর দল সেবার কোয়ার্টার ফাইনালেই ছিটকে যায়। মেসিকে শুনতে হয়েছিল দেশের হয়ে খেলার সাধ যেন না রাখেন তিনি। যে অভিযোগ গত বছর বিশ্বকাপ ফাইনালিস্ট হওয়া সত্ত্বেও মেসির উপর থেকে পুরোপুরি ওঠেনি।
এ সম্পর্কে মেসি বলেন, আমরা একেবারে কাছে পৌঁছেও বিশ্বকাপ জিততে পারলাম না। বার্সেলোনায় খেলা আমার অনেক সতীর্থ ফুটবলার কোপাও জিতেছে। ওদের দেখে বুঝি কোপা জেতার অসাধারণ অনুভূতিটা কেমন, এবার দেশের হয়ে এ শিরোপা আমিও জিততে চাই।
এ দিকে পাঁচ বছর প্যারাগুয়েকে কোচিং করানো মার্টিনো কোপা জিততে এখন থেকেই হুঙ্কার দিচ্ছেন, মেসি ভাল ফর্মে থাকা মানেই আর্জেন্টিনার কোপা জয় নিশ্চিত।
এমআর/আরআই/এসআরজে