ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৪ জুন ২০১৫

শেষ পর্যন্ত লজ্জাজনক ফলোঅনে পড়লো বাংলাদেশ। রোববার ফতুল্লায় ২৫৪ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। নিশ্চিত ড্রয়ের পথে এগিয়ে যাওয়া ফতুল্লা টেস্টকে জমিয়ে তুললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এ মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

এর আগে পঞ্চম দিনের শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়তে থাকে টাইগাররা। ওয়ানডে স্টাইলে খেলতে থাকা বাংলাদেশের ব্যাটসম্যান বোধকরি ভুলেই গিয়েছিলেন এটা একটা টেস্ট ম্যাচ। সকালে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান। ১৫ বলে ৯ রান করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পর হরভজন সিংয়ের বলে এগিয়ে খেলতে গিয়ে লাইন মিস করেন শুরু থেকে স্বচ্ছন্দে খেলতে থাকা ইমরুল কায়েস। সুযোগ কাজে লাগিয়ে নিতে কোন ভুল করেননি উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ১৩৯ বলে খেলে ৭২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপর বরুন অ্যারুনের বল অফসাইডে ড্রাইভ করতে গিয়ে পরিষ্কার বোল্ড হয়ে ফিরে গেছেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে তিনি ৫৪ বলে ৩৭ রান করেন।

সৌম্যর বিদায়ের পর একই পথে হাঁটেন শুভাগত হোম। রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানে ফিরে যান তিনি। চা বিরতির পর রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪৪ রানে ফিরে যান লিটন দাস। এরপর হরভজনের তৃতীয় শিকারে পরিণত হন মুহাম্মদ শহিদ। ধাওয়ানের হাতে সহজ ক্যাচ তুলে সাজঘরে ফেরেন শহিদ। তাইজুল এক প্রান্তে সাবলীল ব্যাট করতে থাকলেও তিন রান নিতে গিয়ে রান আউটে কাটা পরেন জুবায়ের হোসেন।

এর আগে সকাল থেকেই কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেন্টার উইকেটসহ মাঠের বেশিরভাগ অংশ। তবে শনিবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা খুব ভালো নয় বলে জানিয়েছিলেন পর্যবেক্ষকরা। তাই পঞ্চম দিনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

বৃষ্টির হামলায় আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছিল। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। বৃষ্টি থেমে যাওয়ায় পর মাঠকে খেলার উপযোগী করার চেষ্টা করেন গ্রাউন্ডসম্যানরা।

এর আগে সকাল ১১.৩০টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা দুপুর পৌনে একটায় খেলা শুরুর ঘোষণা দেন। টেস্টের চার দিনেও দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। তাই ফলের আশা ছেড়েই দিয়েছে ভারত।


আরটি/এমআর/এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।