শেষ মুহূর্তের গোলে জয় পেলো ব্রাজিল


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৫ জুন ২০১৫

ম্যাচ দেখতে আসা অধিকাংশ দর্শকই তখন মনে করেছিলো ব্রাজিল আর পেরুর খেলাটি বুঝি শেষ পর্যন্ত ড্র-ই হবে। কিন্তু না ইনজুরি টাইমের শেষাংশে গিয়ে ব্যবধান গড়তে সক্ষম হয় ব্রাজিলিয়ানরা। সেই সঙ্গে টানা ১১তম জয় তুলে নিলো তারা।

ডাগ-আউটে কার্লোস দুঙ্গার হতাশ চেহারা বারবার ক্যামেরার সামনে দেখা যাচ্ছিলো। ঠিক তখনই নেইমার বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন। পেরুর ছয়জন রক্ষণভাগের খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল পৌঁছে দেন গোলপোস্টের বাঁ দিকে দাঁড়ানো ডগলাস কস্টার কাছে।

ডগলাস তার শরীরের ওপর দিয়ে ‘ইস্কুইজিং’ করে বল পেরুর জালে জড়িয়ে দেন। উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। পেরুকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা মিশনে উড়ন্ত সূচনা করে কার্লোস দুঙ্গার দল।

এর আগে, ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় ব্রাজিলের জালে আটকা পড়ে পেরুর মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভাসের জোরালো শট। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পেরু। ম্যাচের পঞ্চম মিনিটে দানি আলভেসের দেওয়া বলে হেড দিয়ে জালে জড়ান নেইমার (১-১)।

এরপর আক্রমণ পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ এগিয়ে যায়। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল।

শেষ পর্যন্ত অন্তিম মুহূর্তে দিয়েগো তারদেল্লির বদলি খেলোয়াড় হিসেবে নামা ডগলাস কস্টার গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। তবে পুরো ম্যাচে নেইমারের পায়ের কারসাজি উপভোগ করেছে দর্শকরা। সুযোগ পেলেই তিনি ড্রিবলিং আর কৌশল দিয়ে বোকা বানিয়েছেন পেরুর খেলোয়াড়দের, যা সত্যিই উপভোগ্য ছিল।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।