টাইগারদের প্রশংসায় রায়না
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে বাংলাওয়াশ থেকে রক্ষা পেলেও সিরিজ হারের লজ্জা নিয়েই দেশে ফিরতে হচ্ছে ধোনি বাহিনীকে। তবে শেষ ম্যাচে জেতার পর ম্যাচ সেরা ভারতের ব্যাটসম্যান সুরেশ রায়না টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ।
বুধবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রায়না বলেন, বাংলাদেশ ভালো খেলেই সিরিজ জিতেছে, আর এ জন্য বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। এ সিরিজে প্রতিটি বিভাগেই তারা ভালো করেছে। সিরিজ জয় দিয়েই বাংলাদেশ প্রমাণ করেছে তারা ওয়ানডেতে দারুণ উন্নতি করেছে।
মাশরাফির দলের সাথে সাথে মুস্তাফিজেরও প্রশংসা করেন রায়না। তিনি বলেন, এই সিরিজে বাংলাদেশের জয়ের নায়ক মুস্তাফিজ। সে একাই প্রথম দুই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার বলের লাইন-লেংথ খুবই ভালো। বলে বৈচিত্র্যও আছে। চেষ্টা করলে সে অনেক দূর যেতে পারবে।
নিজেদের সিরিজ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রায়না বলেন, আমরা সেরা দলের কাছেই হেরেছি। তবে সিরিজ হারের বেশ কিছু কারণ আছে। সেসব কারণ আমাদের খুঁজে বের করতে হবে।
এমআর/পিআর