ইবির প্রশাসনিক পদে ব্যাপক রদবদল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক পদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার তার নির্বাহী ক্ষমতাবলে মোট ৯টি পদে পরিবর্তন আনেন বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন অনুকে প্রেস প্রশাসক, একই বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমানকে পরিবহন প্রশাসক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদকে সাদ্দাম হোসেন হল প্রভোস্ট, একই বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে শেখ হাসিনা হল প্রভোস্ট, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তীকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল প্রভোস্ট, গণিত বিভাগের অধ্যাপক ড. এসএম মোস্তফা কামালকে খালেদা জিয়া হল প্রভোস্ট, সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার আতাউর রহমানকে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-রেজিস্ট্রার আলী হাসানকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-রেজিস্ট্রার পারভেজ হাসানকে রেজিস্ট্রার অফিসে বদলি করা হয়েছে। সোমবার উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার নির্বাহী ক্ষমতাবলে তাদের এ নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, ‘শিক্ষকরা যেসব পদে নিয়োগ পেয়েছেন তারা এক বছর ও কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নতুন নিয়োগপ্রাপ্তরা মঙ্গলবার তাদের নির্ধারিত পদে যোগদান করবেন বলে জানান তিনি।’
ফেরদাউসুর রহমান সোহাগ/বিএ