স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবে গান শুনতে হলে গুনতে হবে টাকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক নিয়ে ইউটিউবের কড়াকড়ি

 

দিন যত এগোচ্ছে, ইউটিউব যে ধীরে ধীরে ‘ফ্রি কম, পেইড বেশি’ নীতির দিকেই হাঁটছে তা নিয়ে এখন আর খুব একটা দ্বিমত নেই। সাধারণ ইউজারদের বারবার প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অফার দেখানো তো অনেক দিন ধরেই চলছে। কিন্তু এবার বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য আরও এক বড় ধাক্কা দিল গুগলের মালিকানাধীন এই ভিডিও প্ল্যাটফর্ম।

ইউটিউব প্রিমিয়াম ছাড়া ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ব্যবহার করা এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এই ফিচারটির মাধ্যমে মোবাইলের স্ক্রিন বন্ধ রেখেও গান শোনা, পডকাস্ট চালু রাখা বা অন্য অ্যাপ ব্যবহার করার সময় ইউটিউব চালু রাখার সুবিধা পাওয়া যেত। এতদিন বহু ইউজার এই সুবিধাটির উপরই নির্ভরশীল ছিলেন।

এর আগে পর্যন্ত অনেকেই তৃতীয় পক্ষের মোবাইল ওয়েব ব্রাউজার ব্যবহার করে বিনামূল্যেই ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক চালাতে পারতেন। কারণ এই ব্রাউজারগুলো ইউটিউব ভিডিওকে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপে পাঠাত না। ফলে স্ক্রিন বন্ধ থাকলেও অডিও চলত। কিন্তু এবার সেই রাস্তা কার্যত বন্ধ করে দিল ইউটিউব।

এবার ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক নিয়ে ইউটিউবের কড়াকড়ি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ইউটিউব তার সিস্টেমে এমন কিছু পরিবর্তন এনেছে, যার ফলে তৃতীয় পক্ষের ব্রাউজারেও আর ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক কাজ করছে না। অ্যান্ড্রয়েড সংক্রান্ত এক প্রতিবেদনে ইউটিউবের বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়েছে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক একেবারেই প্রিমিয়াম ইউজারদের জন্য নির্দিষ্ট ফিচার। আগে কিছু ক্ষেত্রে নন-প্রিমিয়াম ইউজাররা এটি ব্যবহার করতে পারলেও এখন সব প্ল্যাটফর্মেই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

কেন এই সিদ্ধান্ত? ইউটিউব দীর্ঘদিন ধরেই তার প্রিমিয়াম পরিষেবাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চাইছে। বিজ্ঞাপনহীন ভিডিও দেখা, অফলাইন ডাউনলোড, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক এই সুবিধাগুলো ধাপে ধাপে ফ্রি ইউজারদের নাগালের বাইরে চলে গেছে। কোম্পানির স্পষ্ট অবস্থান, বিনামূল্যে এই সুবিধাগুলো ব্যবহারের কোনো ‘ফাঁকফোকর’ আর তারা মেনে নেবে না।

যদিও ইউটিউব সরাসরি তৃতীয় পক্ষের অ্যাপ বা ব্রাউজার নিয়ন্ত্রণ করতে পারে না, তবে কোড ও সার্ভার লেভেলে পরিবর্তন এনে এই ধরনের ফিচারের ব্যবহার সীমিত করা সম্ভব যার প্রভাব এখন চোখে পড়ছে।

যারা ইউটিউবকে গান শোনা বা পডকাস্ট শোনার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেন এবং ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের উপর নির্ভরশীল ছিলেন, তাদের জন্য এখন বাস্তবিক অর্থে একটি মাত্র পথ খোলা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন। বিনামূল্যে এই সুবিধা ব্যবহারের দিন যে প্রায় শেষ, তা এবার স্পষ্ট করে দিল ইউটিউব।

আরও পড়ুন
ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবে
এবার কনটেন্টের ওপর কড়া নজর রাখবে ইউটিউব

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।