আপনার ভোটকেন্দ্র কোথায় জানতে পারবেন এই অ্যাপে
চারদিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট বিতরণ, নানান প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ চলছে। কে কত প্রতিশ্রুতি আর প্রচারণা চালাতে পারে চলছে তার প্রতিযোগিতা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে আপনার আসনে কোন দলের কোন প্রার্থী আছে, তার বিস্তারিত তথ্য জানতে পারবেন।
নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থীদের নাম, ছবি, প্রতীক, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, আর্থিক বিবরণ বা সম্পদ সম্পর্কিত তথ্য সহ প্রার্থীদের বিস্তারিত তথ্য অ্যাপে পাওয়া যাবে। এমনকি নির্বাচনি ফলাফলসহ নির্বাচন-সংক্রান্ত নানা তথ্যও জানা যাবে।
আরও পড়ুন
সন্তান অনলাইন গেমে আসক্ত হলে যা করবেন
ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে
শুধু এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে ভোট কেন্দ্রের তথ্য। অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই নির্বাচনের সার্বিক তথ্য, যেমন-মোট ভোটার সংখ্যা, নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা, ভোটগ্রহণের সময়সূচী, ভোটকেন্দ্র, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটকেন্দ্রের ম্যাপ, ভোটকেন্দ্রের ছবি, বাসা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত দুরত্ব সব কিছু জানতে পারবেন।
এমনকি নির্বাচনের সময় ভোটার উপস্থিতি, কেন্দ্র-ভিত্তিক ভোটের পরিমাণ ও ফলাফল প্রতি দু’ঘণ্টা অন্তর আপডেট হবে অ্যাপে, যার মাধ্যমে ভোটাররা সহজেই ভোটাভোটের পরিস্থিতি জানতে পারবে।
অ্যান্ড্রয়েড বা আইফোন সব স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করতে পারবেন।
কেএসকে