১ ঘণ্টা ফ্যান চললে বিদ্যুৎ খরচ কত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
একটি সিলিং ফ্যানের ক্ষমতা ৬০ থেকে ৮০ ওয়াটের মধ্যে থাকে

 

একদিকে গরম অন্যদিকে লোডশেডিং। তারপরও দেখা যাবে মাস শেষে বিদ্যুৎ বিল অনেক বেশি। এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চান একটি ফ্যান ১ ঘণ্টা চালালে আসলে কতটা বিদ্যুৎ খরচ হয়।

সাধারণভাবে বাসাবাড়িতে ব্যবহৃত একটি সিলিং ফ্যানের ক্ষমতা ৬০ থেকে ৮০ ওয়াটের মধ্যে থাকে। যদি গড়ে ৭৫ ওয়াট ধরা হয়, তাহলে ১ ঘণ্টায় এটি প্রায় ০.০৭৫ ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ, খুব সহজভাবে বলা যায় এক ঘণ্টা ফ্যান চালাতে ০.০৬ থেকে ০.০৮ ইউনিটের মতো বিদ্যুৎ লাগে

এখন যদি টাকায় হিসাব করা হয়, প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য প্রায় ৭ থেকে ১০ টাকার মধ্যে ওঠানামা করে। সে হিসেবে ১ ঘণ্টা ফ্যান চালাতে খরচ হয় আনুমানিক ৫০ থেকে ৭০ পয়সার মতো। অর্থাৎ, দৈনন্দিন ব্যবহারে ফ্যান একটি অত্যন্ত সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্র।

যদি প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা ফ্যান চালানো হয়, তাহলে দিনে প্রায় ০.৭৫ ইউনিট এবং মাসে প্রায় ২২ থেকে ২৩ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে, যার খরচ দাঁড়ায় আনুমানিক ১৭০ থেকে ২০০ টাকার মধ্যে।

তবে সব ফ্যানের বিদ্যুৎ খরচ একরকম নয়। সাধারণ এসি ফ্যান যেখানে ৭০-৮০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, সেখানে আধুনিক বিএলডিসি ফ্যান মাত্র ২৫-৩৫ ওয়াটেই চলে। ফলে বিএলডিসি ফ্যান ব্যবহার করলে বিদ্যুৎ খরচ প্রায় অর্ধেক বা তারও কমে যায়। এ কারণে বর্তমানে অনেকেই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ধরনের ফ্যানের দিকে ঝুঁকছেন।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।