সন্ধান মিলেছে `ফ্রিক` বাগের
অ্যাপলের আইওএস, ম্যাক ওএস ও গুগলের অ্যানড্রয়েড ব্রাউজারের পাশাপাশি উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও সন্ধান মিলেছে `ফ্রিক` বাগের। বাগটির কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা লাখ লাখ কম্পিউটার সাইবার হামলার শঙ্কায় রয়েছে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে মাইক্রোসফট। শিগগিরই এ নিরাপত্তা ত্রুটির সমাধান করে হালনাগাদ সফটওয়্যার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার ৯ সদস্যের একদল নিরাপত্তা বিশেষজ্ঞ প্রথম `ফ্রিক` বাগের সন্ধান পান। তাঁরা জানিয়েছিলেন, ওয়েব এনক্রিপশন প্রযুক্তির এ বাগ বা নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে শুধু অ্যাপলের আইওএস, ম্যাক ওএস ও গুগলের অ্যানড্রয়েড ব্রাউজার ব্যবহারকারীদের ওপর সাইবার হামলা করা সম্ভব। এ ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের ওপর নজরদারিও করতে পারে। বিষয়টি জানতে পেরে দ্রুত নিরাপত্তা ত্রুটি সমাধানে কাজ শুরু করেছে অ্যাপল ও গুগল কর্তৃপক্ষ।
সূত্র : রয়টার্স
আরআইপি