গুগলে মাতৃভাষা : যুক্ত হচ্ছে আট লাখ শব্দ


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৬ মার্চ ২০১৫

স্বাধীনতা দিবসে গুগল ট্রান্সলেটরে চার লাখ বাংলা শব্দ যোগ করার পরিকল্পনা নেয়া হয়েছিল। কিন্তু একসঙ্গে বহু দেশপ্রেমী মানুষের অংশগ্রহণের কারণে সকাল ১১টার মধ্যেই যুক্ত হয়েছে তিন লাখ শব্দ। ধারণা করা হচ্ছে নির্ধারিত সময় শেষে আট থেকে ১০ লাখ শব্দ যুক্ত হবে গুগল ট্রান্সলেটরে।

বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দেশের মোট ৮১টি জায়গায় থেকে একই সঙ্গে চলে গুগলে মায়ের ভাষা সমৃদ্ধ করার কাজ। পাশাপাশি সারাবিশ্বে বাংলা ভাষা-ভাষি জনগোষ্ঠি যে যেখানে ছিল সে সেখান থেকেই এ কাজে অংশ নেয়। ফলে দিন শেষে লক্ষ্য ছাড়িয়ে যায় ট্রান্সলেটরে যুক্ত হওয়া শব্দের সংখ্যা।

বিকেল ৫টায় একই মিলনায়তনে এই আয়োজনের সর্বশেষ অবস্থা তুলে ধরার সময় এমনটিই জানান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক ও গুগল ডেভেলপমেন্ট গ্রুপের (জিডিজি) বাংলা বিভাগের প্রধান উপদেষ্টা মুনির হাসান।

তিনি বলেন, সারাদেশে চার হাজার মানুষ সরাসরি অংশ নেয় এ অনুষ্ঠানে। সারাদেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সকাল ১১ টার মধ্যেই তিন লাখ শব্দ যোগ হয়েছে গুগল ট্রান্সলেটরে। আশা করা হচ্ছে নির্ধারিত সময় শেষে আমরা আট থেকে দশ লাখ শব্দ যুক্ত করতে পারবো।

তিনি আরো জানান, এতো মানুষের একই সঙ্গে প্রবেশের কারণে সকাল সোয়া ১১টায় গুগলের সার্ভার কার্যত অচল হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই তা সচল হয়ে যায়।

আয়োজনের সর্বশেষ অবস্থা তুলে ধরার সময় অনুষ্ঠানে যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বিসিসির যুগ্ম সচিব মো: হারুনুর রশিদ, জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।