শুরু হচ্ছে ডিজিটাল ডিজাইনিং প্রতিযোগিতা ২০১৫
দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল ডিজাইনিং প্রতিযোগিতা ২০১৫’ শুরু হতে যাচ্ছে। ডিজিটাল সৃষ্টিশীলতাকে উত্সাহিত করার লক্ষ্যে প্রতিযোগিতাটি আয়োজনের উদ্যোগ নিয়েছে ডিজিটাল অ্যাডভারটাইজিং ও এফ-কমার্স ফার্ম র’দিয়া মিডিয়া আইএনসি। এ বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণে এপ্রিলজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি কাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য ডিজিটাল আর্ট, ডিজিটাল টাইপোগ্রাফি, ডিজিটাল গ্রাফিকস ডিজাইন, সোস্যাল মিডিয়া ও ওয়েবপেজ লেআউট ডিজাইন, স্থাপত্য নকশা এবং অ্যানিমেশনের ওপর অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিযোগিতার কর্মপরিকল্পনা নির্ধারণ ও আয়োজন-সংক্রান্ত মতামত আহ্বান করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে। র’দিয়া মিডিয়ার ফেসবুক পেজ facebook.com/radiamedia বা প্রতিযোগিতার ইভেন্ট পেজ facebook.com/events/883739921689133/ অথবা ই-মেইল [email protected]। ৩০ এপ্রিলের মধ্যে আগ্রহীরা প্রতিযোগিতা-সংক্রান্ত যে কোনো বিষয়ে মতামত পাঠাতে পারবেন।
প্রতিযোগিতার কর্মপরিধি ও কাঠামো, দেশব্যাপী সব স্তরের সৃজনশীল গ্রাফিকস ডিজাইনারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রতিযোগী ও ডিজিটাল ডিজাইনিং চিত্রকর্ম বাছাই প্রক্রিয়া, পুরস্কার প্রদান, ডিজিটাল সৃজনশীলতা বিকাশ প্রভৃতি বিষয়ে মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে। মূলত অংশগ্রহণমূলক সমীক্ষার ভিত্তিতে অর্থাৎ সাধারণ জনগণ তথা তথ্যপ্রযুক্তির সঙ্গে যারা জড়িত বিশেষ করে ডিজাইনারদের মতামতের ভিত্তিতে এ প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে।
এআরএস/এমএস