ডব্লিউএসআইএস পুরস্কার : বাংলাদেশকে ভোট দেওয়ার আহ্বান
জাতিসংঘের `ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৫`-এর প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সাতটি প্রকল্প। এই সাত প্রকল্পকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। রোববার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্যপ্রযুক্তিশিল্পের সম্মানজনক এ পুরস্কারের জন্য এ বছর চারটি ক্যাটাগরিতে বাংলাদেশের প্রকল্পগুলো স্থান পেয়েছে। প্রকল্পগুলো হলো এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের `শিক্ষক বাতায়ন`, এটুআই এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) `জাতীয় তথ্য বাতায়ন`, বেসিসের সদস্য প্রতিষ্ঠান সিনেসিস আইটির মোবাইল স্বাস্থ্যসেবা প্রকল্প `এমহেলথ`, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কৃষি তথ্যসেবাবিষয়ক প্রকল্প `হ্যালো ১৬১২৩`, এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের `আমাদের ডাক্তার` ও `ফার্মার কোয়ারি সিস্টেম` এবং উইন মিয়াকি লিমিটেডের `কৃষি তথ্য সার্ভিস ২৭৬৭৬`। goo.gl/n2Ogcc ঠিকানায় নাম নিবন্ধন করে ভোট দেওয়া যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বেসিস সভাপতি শামীম আহসান।
বিএ/পিআর