বাজারে আসছে অ্যান্ড্রয়েড এম


প্রকাশিত: ০২:২১ এএম, ০৯ মে ২০১৫

ললিপপের পর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। অ্যান্ড্রয়েড এম নামের সংস্করণটি গুগলের চলতি বছরের বার্ষিক ডেভেলপার সম্মেলনে উন্মোচন করা হতে পারে। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য ফাঁস হয়ে যায়। খবর এনডিটিভি।

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল আই/ও নামে পরিচিত প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলন। এ সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি ওয়েবসাইটে তথ্য শেয়ার করে প্রতিষ্ঠানটি। কিন্তু এ তথ্যের মধ্যে ভুলে অনুষ্ঠানের প্রথম দিনের সময়সূচিতে অ্যান্ড্রয়েড এম উন্মোচনের বিষয়টি সামনে চলে আসে। পরে অবশ্য তথ্যটি মুছে দেয়া হয়।

ফাঁসকৃত তথ্য থেকে অনুমান করা হচ্ছে, চলতি মাসের শেষ দিকেই উন্মোচিত হতে যাচ্ছে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ। নতুন সংস্করণটি মূলত কর্মক্ষেত্রের উপযোগী করেই তৈরি করা হয়েছে। ফলে এ অপারেটিং সিস্টেম ছোট ব্যবসা থেকে শুরু করে অনেক কাজেই ব্যবহার করা যাবে।

বাজার বিশ্লেষকদের মতে, কর্মক্ষেত্রে ব্যবহার উপযোগী করে তৈরির কারণে অপারেটিং সিস্টেমটির ব্যবহার বাড়বে। আর এটি অ্যান্ড্রয়েডের অন্যতম সফল সংস্করণ হিসেবে বিবেচিত হবে বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ললিপপ বাজারে আসার পর এর পরবর্তী সংস্করণ নিয়ে আলোচনা শুরু হয়। আর অনেক ক্ষেত্রে পরবর্তী সংস্করণ হিসেবে অ্যান্ড্রয়েড এমের নাম উঠে আসে। চলতি মাসের শেষেই অ্যান্ড্রয়েডপ্রেমীদের জন্য এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে মনে করা হচ্ছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।